করোনাভাইরাসের কার্যকর টিকা উদ্ভাবিত হলে আন্তর্জাতিক প্রকল্পের অধীনে তা বিশ্বের জন্য নিশ্চিত করতে ২ হাজার ৮০০ কোটি ডলার তহবিল প্রয়োজন। গত বৃহস্পতিবার প্যারিস পিস ফোরামে অর্থায়নের এ লক্ষ্যমাত্রা তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
অনলাইনে আয়োজিত এ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর নেতারা সবার জন্য টিকা নিশ্চিত করার অঙ্গীকারের কথা জানিয়েছেন। কভিড-১৯ মহামারীর বিপর্যয় লাঘবে উপায় খুঁজতে তৃতীয় পর্যায়ে এ ফোরাম বৈঠক হয়। ১১ থেকে ১৩ নভেম্বর তিন দিনের এ আন্তর্জাতিক সম্মেলনের লক্ষ্য দরিদ্র দেশগুলোসহ বিশ্বের সবার জন্য করোনা পরীক্ষা, চিকিৎসা ও টিকা সুবিধা নিশ্চিত করতে ৫০০ মিলিয়ন ডলারের বেশি তহবিল সংগ্রহ করা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আমরা যদি মানবতার কিছু অংশকে ত্যাগ করি তাহলে আমরা ভাইরাসকে পরাস্ত করতে পারব না।’
যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ বৈজ্ঞানিক কর্মকর্তা অ্যান্থনি ফাউচি বলেছেন, করোনাভাইরাসের কার্যকর টিকা আসার পর মহামারী আর বেশিদিন থাকবে না। যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার এবং জার্মানির বায়োএনটেক ৯০ শতাংশ কার্যকর এ ভ্যাকসিন উদ্ভাবন করেছে।
প্যারিস পিস ফোরামের অনলাইন সম্মেলনে প্রত্যাশা করা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসিটি-এক্সিলেটর (এক্সেস টু কভিড-১৯ টুলস এক্সিলেটর) প্রোগ্রামের অধীনে করোনার টেস্ট, চিকিৎসা ও ভ্যাকসিন নিশ্চিত করতে অনেক দেশ তহবিল ঘোষণা করবে।
