ভাস্কর্যবিরোধীরা মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তি : কাদের

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০৩:২৯ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি। অথচ বিশ্বের মুসলিম দেশগুলোসহ প্রায় সব দেশেই ভাস্কর্য রয়েছে। আমরা মনে করি, এর সঙ্গে বিএনপি-জামায়াত জোট জড়িত। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে সকল অপশক্তিকে কঠোরহস্তে দমন করবে আওয়ামী লীগ। এজন্য দল গোছানোর ক্ষেত্রে দলের সভাপতি ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা রয়েছে। বিগত দিনে বিভিন্ন নির্বাচনে যারা মনোনয়ন বাণিজ্য করেছে এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ করেছে; তারা কখনই দলের নেতৃত্বে আসতে পারবে না। শিগগিরই লক্ষ্মীপুর জেলাসহ বিভিন্ন ইউনিটে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করে তৃণমূলে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করা হবে।’

এ সময় প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ উগ্রবাদী আলেম-ওলামাদের উদ্দেশে বলেন, ‘ভাস্কর্য নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আগে নিজেদের চরিত্র ঠিক করেন। বিভিন্ন মাদ্রাসায় যেভাবে শিশু বলাৎকার হচ্ছে, আগে সেটি বন্ধ করেন।’

সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাংসদ একেএম শাহজাহান কামাল ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খান।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত