বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে (ওএসএস) নতুনভাবে যুক্ত হলো আরও ১৪টি নতুন সেবা। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের ১২টি সেবা ওএসএস পোর্টালে যুক্ত হয়েছে, যার ফলে বিনিয়োগকারীদের সেবা গ্রহণ আরও সহজ হবে। গতকাল বিডার ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন সেবাগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এর ফলে এখন থেকেই বিনিয়োগকারীরা অতিদ্রুত সহজেই অনলাইনে সেবা পাবেন।
পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, বিপুল জনসংখ্যার আমাদের এই দেশে পরিবেশ সংরক্ষণ অনেক বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ নিয়েই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। বিনিয়োগ আরও সহজতর করার লক্ষ্যে আমরা বিডার জন্য পরিবেশ অধিদপ্তরে ফোকাল পয়েন্ট নির্ধারণ করেছি। বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে নতুন ১৪টি সেবা যুক্ত হওয়ায় বিনিয়োগ সেবার মান অনেকাংশে বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের ১২টি সেবা অনলাইনে হওয়ায় বিনিয়োগ আরও সহজ হবে। উন্নতমানের বিনিয়োগ সেবা প্রদানের লক্ষ্যে বর্তমানে বিডা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ৯টি প্রতিষ্ঠানের ৩৫টি সেবা দিয়ে আসছে এবং ইতিমধ্যে ২০টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে আরও ১০টি সেবা ওএসএস পোর্টালে যুক্ত হওয়ার কথা রয়েছে।
পরিবেশ অধিদপ্তরের ১২টি (পরিবেশগত ছাড়পত্র প্রদান (লাল); পরিবেশগত ছাড়পত্র প্রদান (কমলা-ক); পরিবেশগত ছাড়পত্র প্রদান (কমলা-খ); পরিবেশগত ছাড়পত্র প্রদান (সবুজ); পরিবেশগত ছাড়পত্র নবায়ন (লাল); পরিবেশগত ছাড়পত্র নবায়ন (কমলা-ক); পরিবেশগত ছাড়পত্র নবায়ন (কমলা-খ); পরিবেশগত ছাড়পত্র নবায়ন (সবুজ); অবস্থানগত ছাড়পত্র প্রদান; ইআইএ অনুমোদন; টিওআর অনুমোদন; জিরো ডিসচার্জড অনুমোদন) ও যৌথ মূলধন কোম্পানি ও ফার্মের পরিদপ্তরের একটি (বৈদেশিক কোম্পানি (ব্রাঞ্চ/লিয়াজোঁ/রিপ্রেজেন্টেটিভ অফিস) রেজিস্ট্রেশন) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একটিসহ (প্রথম এডহক শিল্প আইআরসি সুপারিশ প্রদান) মোট ১৪টি সেবা এবং আগের ২১টি সেবা, মোট ৩৫টি বিনিয়োগ সেবা এখন থেকে বিনিয়োগকারীরা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে প্রাপ্ত হবেন।
উল্লেখ্য, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ২০১৮ সালে বিজনেস অটোমেশন লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। এ পরিপ্রেক্ষিতে বিডা ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের কার্যক্রম চালু করে। বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কারিগরি সহায়তা ও যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) সহযোগিতায় ২০২১ সালের মধ্যে আলোচ্য ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বিডা ৩৫টি সেবা প্রদানকারী সংস্থার ১৫৪টির বেশি বিনিয়োগ সেবা প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
