খান’স কিচেনে অভিযান মিলেছে ভ্যাট ফাঁকির তথ্য

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১২:০৬ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অভিযোগের ভিত্তিতে রাজধানীর খাবার সরবরাহকারী (ক্যাটারিং সার্ভিস) খান’স কিচেনে অভিযান চালিয়ে বিপুল ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছেন ভ্যাট গোয়েন্দারা।

অভিযানে ওই প্রতিষ্ঠান থেকে মাত্র ২ মাসেই ১ কোটি ৪২ লাখ টাকার বিক্রয় হিসাব গোপনের তথ্য উদ্ধার করা হয়েছে। ভ্যাট গোয়েন্দার কাছে ফেইসবুকে একজন গ্রাহকের সচিত্র অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানটি করা হয়। বড় বেরাইদে অবস্থিত খান’স কিচেনের মূসক নিবন্ধন নম্বর : ০০১৭২০৫৬৪-০১০১।

বড় শিল্পকারখানা এবং নানা অনুষ্ঠানে খাবার সরবরাহ করে প্রতিষ্ঠানটি। ভ্যাট গোয়েন্দার উপপরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে গত সোমবার অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে গোয়েন্দারা ক্যাটারিং সার্ভিস থেকে বাণিজ্যিক দলিলাদি জব্দ করে। এসব দলিল প্রাথমিক যাচাইয়ে, এই খাবার সরবরাহকারীর প্রতিষ্ঠানে ব্যাপক ভ্যাট ফাঁকির প্রমাণ মিলেছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভ্যাট চালানের পরিবর্তে জাল ও অবৈধ চালান ব্যবহার করছে। তল্লাশির এক পর্যায়ে প্রতিষ্ঠানটির ক্লিপ ফাইলে গত বছরের জুলাই-ডিসেম্বরের প্রকৃত বিক্রয় তথ্য পাওয়া যায়।

সব মিলিয়ে মোট ২২ লাখ ৬৬ হাজার টাকার ভ্যাট ফাঁকি হয়েছে। ভ্যাট আইন পরিপালন না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইন অনুযায়ী মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত