দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ কোটি ৩৯ লাখ ৯৩ হাজার টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। এ সময় বন্দর থেকে ১৩২ কোটি ৮৮ লাখ টাকা রাজস্ব লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ১৫২ কোটি ২৭ লাখ টাকা।
হিলি স্থল শুল্ক স্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছর এ বন্দর থেকে এনবিআর ৩১৪ কোটি ১৩ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করে দেয়। সে হিসেবে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বন্দর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৬ কোটি ৭৬ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয় ৪৩ কোটি ২৮ লাখ টাকা। আগস্টে ১৩ কোটি ৫৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয় ২০ কোটি ৮৬ লাখ টাকা। সেপ্টেম্বরে ৯ কোটি ৯৭ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে এসেছে ২০ কোটি ৬৩ লাখ টাকা। অক্টোবরে ১৮ কোটি ৪১ লাখ টাকা লক্ষ্যের বিপরীতে ১৮ কোটি ৬৮ লাখ ও নভেম্বরে ৩১ কোটি ৬৩ লাখ টাকার বিপরীতে আদায় হয় ২৬ কোটি ৬০ লাখ টাকা। ডিসেম্বরে ৫২ কোটি ৫৭ লাখ টাকা লক্ষ্যের বিপরীতে আসে ২২ কোটি ২১ লাখ টাকা।
হিলি স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার সাইদুল আলম বলেন, লক্ষ্যমাত্রার অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হয়েছে নিয়মতান্ত্রিকভাবে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম পরিচালনার জন্য। সেই সঙ্গে সহযোগিতা রয়েছে বন্দরের ব্যবসায়ীসহ বন্দর সংশ্লিষ্টদের। অর্থবছরের শেষ নাগাদ লক্ষ্যমাত্রা ছাপিয়ে আরও বেশি রাজস্ব আদায় সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
