সোয়া লাখে নামল টিকাগ্রহীতার সংখ্যা

আপডেট : ০৫ মার্চ ২০২১, ০২:০৫ এএম

দেশে গণটিকাদান কার্যক্রম শুরুর পর টিকার প্রতি মানুষের আগ্রহ কম থাকলেও দু-তিন দিনের মধ্যেই তা বাড়তে থাকে। প্রথম সপ্তাহের পর থেকে টিকাগ্রহীতার সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে যায়। তবে গত ২৭ ফেব্রুয়ারি থেকে এ সংখ্যাটা দেড় লাখেরও নিচে নেমে আসে। গত ছয় দিনে গড়ে সোয়া লাখের কম মানুষ টিকা নিয়েছে।

গতকাল বৃহস্পতিবার ১ লাখ ২১ হাজার ১০ জন টিকা নিয়েছে। এর মধ্যে ৭২ হাজার ৮০০ পুরুষ, ৪৮ হাজার ২১০ জন নারী। এ নিয়ে এখন পর্যন্ত টিকাগ্রহীতার সংখ্যা ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন। এর মধ্যে ২২ লাখ ৯৪ হাজার ৬৯ জন পুরুষ ও ১২ লাখ ৮৭ হাজার ১০০ জন নারী।

এখন পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য জানিয়েছে ৮০৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ২৩ জনের। ঢাকা মহানগরের কেন্দ্রগুলোর মধ্যে সাতজনের সামান্য পাশর্^প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। প্রথম দিকে টিকাগ্রহীতা এক লাখের নিচে থাকলেও ১৪ তারিখের পর থেকে তা বাড়তে থাকে। ১৫ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত গড়ে দৈনিক টিকা নিয়েছে দুই লাখেরও বেশি মানুষ। তবে ২৩ ফেব্রুয়ারির পর থেকে টিকাগ্রহীতার এ সংখ্যা কমতে শুরু করে। ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত গড়ে দেড় লাখের কিছু বেশি মানুষ টিকা নিয়েছে। এরপর ২৭ তারিখ থেকে এ সংখ্যা আরও কমতে থাকে। গত ছয় দিনে গড়ে দৈনিক ১ লাখ ২১ হাজার মানুষ টিকা নিয়েছে।

ঢাকাসহ সারা দেশে ১ হাজারের বেশি হাসপাতালে করোনার টিকা দেওয়া হচ্ছে। অধিকাংশ হাসপাতালে একাধিক বুথে টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি দল দৈনিক ১৫০ জনকে টিকাদান করতে পারবে। সে হিসাবে দৈনিক তিন লাখের বেশি মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে স্বাস্থ্য বিভাগের।

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের ৪৭টি হাসপাতাল থেকে ২৪ হাজার ৮০৯ জন টিকা নিয়েছে। এর মধ্যে ১ লাখ ৫৬ হাজার ৭৭ জন পুরুষ ও ৯ হাজার ১৩২ জন নারী। সবচেয়ে বেশি ১ হাজার ৭৫৬ জন টিকা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন কেন্দ্রে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিয়েছে ১ হাজার ২৯৯ জন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ হাজার ৮৭৯, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫০, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৩৩৪ জন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৪২ হাজার ৬৪৪ জন টিকা নিয়েছে ঢাকা বিভাগে। এছাড়া ময়মনসিংহে ৪ হাজার ৫৯৯, চট্টগ্রামে ২০ হাজার ৪০৪, রাজশাহীতে ১১ হাজার ৬৭৫, রংপুরে ১২ হাজার ৫৯১, খুলনায় ১৯ হাজার ৯১২, বরিশালে ৪ হাজার ৪১৮ ও সিলেট বিভাগে ৪ হাজার ৭৬৭ জন টিকা নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত