চাঁদপুরে মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ অভিযান চলাকালে নৌপুলিশের গুলিতে আহত এক জেলের মৃত্যু হয়েছে। তার নাম মাসুদ হোসেন (২২)। গত সোমবার মধ্যরাতে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় পুলিশের সঙ্গে একদল জেলের সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাসুদ হোসেনের বাড়ি মুন্সীগঞ্জের কালিরচর এলাকায়। গত সোমবার রাতের ওই সংঘর্ষের ঘটনায় দুই জেলেকে জাটকা, জাল ও নৌকাসহ আটক করেছে পুলিশ। এছাড়া জেলেদের হামলায় স্থানীয় মোহনপুর নৌফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হোসেন আহত হয়েছেন বলে জানিয়েছেন নৌপুলিশের সুপার মো. কামরুজ্জামান।
তিনি আরও বলেন, সোমবার মধ্যরাতে জাটকাবাহী একটি ট্রলার আসার খবর পেয়ে সেটি ধরার জন্য মোহনপুর নৌফাঁড়ির একটি টহল দল অভিযানে নামে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা থেকে চাকতি নিক্ষেপের পাশাপাশি লাঠি ও বাঁশ দিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ হোসেন আহত হন। তখন পুলিশ আত্মরক্ষার্থে শটগানের এক রাউন্ড গুলি ছুড়লে তা জেলে মাসুদ হোসেনের বাম পায়ের হাঁটুর ওপরে বিদ্ধ হয়। তাকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে মাসুদ মারা যান।
ঘটনাস্থল থেকে দুই জেলেকে আটক এবং ২৫ কেজি জাটকা, ২ হাজার মিটার কারেন্ট জাল ও ইঞ্জিনচালিত মাছ ধরার একটি নৌকা জব্দ করা হয় বলেও জানান পুলিশ সুপার। আটক দুই জেলে হলেন আমির হোসেন ও নজিম ইসলাম।
ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় জাটকা রক্ষাকল্পে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈবরী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় পদ্মা-মেঘনা নদীতে জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
