ক্ষেতের ধান খাওয়ায় বাবুই পাখির বাসায় আগুন, অর্ধশত ছানা ছাই

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০১:৫৩ এএম

ঝালকাঠির নলছিটিতে ক্ষেতের ধান খাওয়ার অজুহাতে প্রায় অর্ধশত বাবুই পাখির ছানা আগুনে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার ভৈরবপাশা গ্রামের সিদ্দিক মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসীর ভাষ্য, বাঁশের মাথায় আগুন ধরিয়ে একটি তালগাছে থাকা সব কটি বাবুই পাখির বাসা পুড়িয়ে দেয় জালাল সিকদার নামে স্থানীয় এক

কৃষক। এতে বাসাগুলোর ভেতরে থাকা ৩৩টি বাবুইছানা পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী জুলহাস মল্লিক নামে এক বাসিন্দা বলেন, ‘নিষ্ঠুর এই ঘৃণ্য কাজ একজন মানুষ করতে পারে, তা ভাবতেই অবাক লাগে। বাবুই পাখির অপরাধ, ওরা নাকি ক্ষেতের ধান খেয়ে ফেলে।’ এলাকার পাখিপ্রেমী অভিজিৎ বলেন, ‘ইতিমধ্যে বন বিভাগকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে।  

এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর।’ এদিকে অভিযুক্ত জালাল সিকদার বলেন, ‘প্রতিদিন বাবুই পাখিতে ক্ষেতের ধান খেয়ে ফেলায় আর্থিকভাবে লোকসানের দিকে যাচ্ছিলাম। সবশেষ নিজেকে সামলাতে না পেরে আগুন দিয়েছি। এ বিষয়ে আমি এখন অনুতপ্ত।’

ঝালকাঠি সদর উপজেলার বন কর্মকর্তা কার্তিক চন্দ্র ম-ল বলেন, ‘এ ব্যাপারে মৌখিক অভাযোগ পেয়েছি। এটা যদিও খুলনা বন ও বন্য প্রাণী বিভাগের আওতায়। আর আমাদের ঝালকাঠি অফিসটা হলো সামাজিক বন বিভাগের। তবুও আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরাসরি জানব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত