জাতীয়ভাবে নির্ণীত অবদান বা ন্যাশনাল ডিটারমাইন্ড কনট্রিবিউশনসসহ (এনডিসি) জলবায়ু বিষয়ক যে কোনো নীতি প্রণয়নে ঝুঁকিতে থাকা ও ভুক্তভোগী জনগোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। একইসঙ্গে তা আধুনিক প্রযুক্তিনির্ভর ও বাস্তবায়নযোগ্য হতে হবে। গতকাল সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এমন দাবি জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উত্থাপন করেন সিপিআরডি’র নির্বাহী প্রধান মো. শামসুদ্দোহা। আলোচনায় অংশ নেন পিকেএসএফ’র ক্লাইমেট চেঞ্জ ইউনিটের পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)’র নির্বাহী প্রধান সৈয়দ জাহাঙ্গীর হাসান মাসুম প্রমুখ। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার স্বার্থে কার্বন নির্গমন কমাতে উন্নত দেশগুলোর ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান তারা।
