করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী শিল্পকে সহায়তা দিতে প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের সুদের হার কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ২ শতাংশ সুদে এই তহবিল পাবে। গ্রাহক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ ৫ শতাংশ।
এতদিন গ্রাহক পর্যায়ে প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতের তহবিলের সুদের হার ছিল ৬ শতাংশ। ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তহবিল পেত ৩ শতাংশ সুদে।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
সার্কুলারে বলা হয়, প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় স্বল্প সুদে ঋণপ্রাপ্তি নিশ্চিত করার মাধ্যমে রপ্তানি খাতে অধিকতর প্রবৃদ্ধি অর্জন করার লক্ষ্যে গ্রাহক ও ব্যাংক পর্যায়ে সুদহার কমানোর সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে বিআরপিডি আগের সার্কুলার প্রতিস্থাপন করা হলো।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯৯ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে ২০২০ সালের ১৩ এপ্রিল জারি করা বিআরপিডি সার্কুলারে কভিড-১৯ মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ সহায়তা দেওয়ার মাধ্যমে তাদের রপ্তানি কার্যক্রম অব্যাহত রেখে বৈদেশিক মুদ্রা অর্জন ও অর্থনীতিতে গতিশীলতা আনার লক্ষ্যে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের কথা জানায় বাংলাদেশ ব্যাংক।
তবে সুদের হার বেশি হওয়ায় এই তহবিল থেকে ঋণ নেওয়ার বিষয়ে আগ্রহ দেখায়নি রপ্তানিকারকরা। এ কারণে তহবিলের সুদের হার কমানো হয়।
বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের সুদহার দুই শতাংশ। করোনার মধ্যে এই তহবিলের আকার বাড়িয়ে ৫৫০ কোটি ডলারে উন্নীত করা হয়। এছাড়া গত বছর রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার জন্য মাত্র দুই শতাংশ সুদ বা প্রসেসিং ফি নিয়ে ১০ হাজার কোটি টাকার বেশি প্রণোদনা দেয় বাংলাদেশ ব্যাংক।
সেই তুলনায় প্রি-শিপমেন্ট ক্রেডিট ঋণের প্রণোদনা তহবিলের সুদের হার বেশি হওয়ায় এ খাতের এক শতাংশ অর্থও বিতরণ করতে পারেনি ব্যাংকগুলো। এখন আবার করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তারা আরেক দফা প্রণোদনার অর্থ দাবি করেছেন। এরই মধ্যে প্রি-শিপমেন্ট ক্রেডিট ঋণের সুদহার কমায় বাংলাদেশ ব্যাংক।
