ঈদুল ফিতর উপলক্ষে টানা ৩ দিন বন্ধ থাকার পর গতকাল রবিবার সকালে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হলেও সীমান্তে চেকপোস্টের পাশে অস্থায়ী শেড নির্মাণে বিএসএফ বাধা দিলে বিকেলে বন্ধ হয়ে যায়। তবে বেনাপোলে আমদানি-রপ্তানি চলছে স্বাভাবিকভাবেই।
ভারত থেকে দেশে ফেরা বাংলাদেশিদের তথ্য সংগ্রহে হিলি সীমান্তের পাশে উপজেলা প্রশাসনের অস্থায়ী শেড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এতে বাধা দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর প্রতিবাদে আমদানি-রপ্তানি বন্ধসহ যাত্রী পারাপার বন্ধ করে দেন স্থানীয় হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত ও ব্যবসায়ীরা। হঠাৎ আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় সীমান্তের ওপারে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক। এ সময় সেখানে পৌর মেয়র জামিল হোসেন ও বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র বলেন, ১৪ মাস বন্ধ থাকার পর গতকাল হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম চালু হয়েছে। ভারত থেকে আসা যাত্রীদের তথ্য সংগ্রহ থেকে শুরু করে সবকিছু এক জায়গায় শেষ করতে সীমান্তের চেকপোস্ট গেটের পাশে অস্থায়ী শেড নির্মাণকাজ শুরু করে স্থানীয় প্রশাসন ও বিজিবি। বিষয়টি বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মৌখিকভাবে জানানো হলে তারা কোনো সমস্যা নেই বলে জানিয়েছিল। কিন্তু এদিন বিকেলে অস্থায়ী শেড নির্মাণকাজে তারা বাধা দেয়। আমরা স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে অস্থায়ী শেড নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু তারা বাধা দিয়েছে। যতদিন এর সমাধান না হবে ততদিন এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি, যাত্রী পারাপারসহ সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে বেনাপোল বন্দর দিয়ে রবিবার দুপুর পর্যন্ত ৯৫ ট্রাক পণ্য আমদানি হয়েছে। রপ্তানি হয় ৪২ ট্রাক পণ্য। বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, ৩ দিন বন্ধ থাকার পর গতকাল চালু হয়েছে আমদানি-রপ্তানি। সব কার্যক্রম দ্রুত করার নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের পশ্চিমবঙ্গে করোনা প্রতিরোধে লকডাউন ঘোষণা হলেও ব্যবসার স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানি সচল রাখতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
