ট্রাক-অটোরিকশা সংঘর্ষ

ফটিকছড়িতে দম্পতিসহ পরিবারের ৩ জন নিহত

আপডেট : ২৭ মে ২০২১, ০২:০১ এএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দম্পতিসহ এক পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের আজম রোডের মাথায় ডাইনজুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাজিরহাট পৌরসভার এবিসি এলাকার নন্না মিয়া (৫০), তার স্ত্রী ডলি আক্তার (৪০) ও শ্যালিকা (ডলির বোন) লায়লা বেগম (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিবিরহাটের দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা চলন্ত একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী মালবোঝাই একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডলি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় নন্না মিয়া ও লায়লা বেগমেরও মৃত্যু হয়।

নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ মোকতার হোসেন জানান, খবর পেয়ে লাশগুলো উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা গেলেও গাড়ি দুটির চালক পালিয়ে যায়।

এদিকে গতকাল বুধবার দুপুর পৌনে ২টার দিকে পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আইয়ুব উদ্দিন মানিক (৩২) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত