বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের মধ্যে শিল্প প্লট বরাদ্দ শুরু করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। গতকাল ঢাকায় বেপজা কমপ্লেক্সে দেশি-বিদেশি ১০ প্রতিষ্ঠানকে সাময়িক বরাদ্দপত্র দেওয়া হয়। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম বিনিয়োগকারীদের এ বরাদ্দপত্র হস্তান্তর করেন।
৭০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে ইতিমধ্যে বেপজার কাছে আবেদন করেছে। এদের মধ্য থেকে ১০ প্রতিষ্ঠানকে সাময়িক বরাদ্দপত্র দেওয়া হলো।
বরাদ্দপত্র প্রদানকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও চীনের দুটি করে এবং যুক্তরাষ্ট্র, হংকং, কানাডা ও বাংলাদেশের একটি করে। প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৩৩৪ মিলিয়ন মার্কিন ডলার। এখানে ৫১ হাজার ৩০০ বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হবে।
অনুষ্ঠানের শুরুতে বেপজা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কর্মকান্ডসহ সার্বিক চিত্র তুলে ধরেন মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন। এ সময় বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মাহমুদুল হোসাইন খান, সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, সচিব মো. জাকির হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, মহাব্যবস্থাপক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
