বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি হারুনের

আপডেট : ১৭ জুন ২০২১, ০১:৪৯ এএম

চিত্রনায়িকা পরীমণিকে ‘ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের’ ঘটনায় ঢাকা বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে জাতীয় সংসদে। গতকাল বুধবার জাতীয় সংসদে এ দাবি তোলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

তিনি বলেন, ‘দুদিন আগে একটা ঘটনা ঘটল। বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা হচ্ছে। বলা হচ্ছে, তুরাগ পাড় দখল করে এই ক্লাব করা হয়েছে। পুলিশের আইজি এটার সভাপতি।’ গত রবিবার এক ফেইসবুক পোস্টে হত্যাচেষ্টা ও ধর্ষণচেষ্টার অভিযোগ সামনে আনেন পরীমণি। পরে রাতে বনানীতে নিজের বাসায় তিনি সাংবাদিকদের সামনে সেই রাতের ঘটনার বিবরণ দেন।

গত সোমবার সাভার থানায় ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে মামলা করেন তিনি। মামলার প্রধান আসামি উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি)। এজাহারের আরেক আসামি তুহিন সিদ্দিকী অমিও বোট ক্লাবের সদস্য।

সংসদে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র বিল-২০২১’ পাসের প্রক্রিয়ার সময় সাংসদ হারুন বলেন, ‘নারীদের কর্মসংস্থান বেড়েছে। কিন্তু কাজে যাওয়ার পথ কতটা নিরাপদ? পথে ধর্ষণের ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর বার্তা দিতে হবে। বলা হচ্ছে নারীদের ক্লাবে যাওয়া খারাপ। পুরুষদের খারাপ না? নারীরা মদ্যপান করলে খারাপ বলা হচ্ছে। পুরুষ করলে খারাপ না? দুটোই হারাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত