বরিশালে ইউএনওর সরকারি বাসভবনে হামলা ও পুলিশের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় গ্রেপ্তারকৃত আরও ১২ নেতাকর্মীর জামিন আবেদন করা হয়েছে।
গতকাল রবিবার সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন আইনজীবী তালুকদার মো. ইউনুস। আদালতের বিচারক মো. আনিসুর রহমান তাদের জামিন আবেদন গ্রহণ করে আগামী ২ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন।
এর আগে এই দুই মামলায় গত বৃহস্পতিবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৯ নেতাকর্মী জামিন পান। ওই দিন সন্ধ্যায় তারা বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
গত ১৮ আগস্টের ঘটনায় পরদিন ১৯ আগস্ট ইউএনও মো. মুনিবুর রহমান এবং কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক শাহজালাল মল্লিক বাদী হয়ে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ ও সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসসহ ১১৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামাসহ আওয়ামী লীগের ৬০২ জন নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবুসহ ২৩ জনকে গ্রেপ্তার করে।
বরিশাল কারাগারে থাকা ২১ জনের মধ্যে এর আগে জামিন পেয়েছেন ৯ জন। বাকি ১২ জনের জামিন আবেদন রবিবার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তাদের আইনজীবী তালুকদার মো. ইউনুস।
