পায়রা বন্দরে ৩০৪ কোটি টাকা রাজস্ব আয়

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৪১ পিএম

পাঁচ বছরে দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৩০৪ কোটি টাকা। বন্দরটি চালু হওয়ার পর থেকে গত পাঁচ বছরে পাকাপোক্তভাবে দেশীয় অর্থনীতিতে অংশীদারিত্ব করছে।

‘বন্দর থেকে এগিয়ে চলার বাংলাদেশ’ সেøাগান নিয়ে পায়রা বন্দর অর্থনৈতিক যাত্রা শুরু করেছিল ২০১৬ সালের ১ আগস্ট। প্রথম দিনে প্রথম পণ্যবাহী জাহাজ ছিল ফরচুন বার্ড। এ পর্যন্ত এ বন্দরে ১৫০টি পণ্যবাহী জাহাজ পণ্য খালাস করেছে। সেই থেকে ২০২১ সালের ৩১ আগস্ট পর্যন্ত এ বন্দর  থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৩০৪ কোটি টাকা। বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

দেশের তৃতীয় পায়রা সমুদ্রবন্দরের কাজ চলছে সমানতালে। ব্যাংক চালু হয়েছে পায়রা বন্দরে। ইতিমধ্যে পায়রা বন্দর প্রকল্প এলাকায় প্রশাসনিক ভবন, সার্ভিস জেটি, পন্টুন, সিকিউরিটি ভবন, ওয়্যার হাউজ, পানি শোধনাগার চালু হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন নির্মাণকাজ শেষের পথে।  বরগুনার আমতলী অংশের কুয়াকাটাগামী মহাসড়ক থেকে পায়রা বন্দর পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ হয়েছে।

পায়রা বন্দরে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ছয়টি প্যাকেজের নির্মাণকাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে তিনটি প্যাকেজের কাজ শেষ। পাকা ঘর হস্তান্তর করা হয়েছে পাঁচ শতাধিক পরিবারকে। ২০২৩ সালের মধ্যে পায়রার রাবনাবাদ চ্যানেলের চারিপাড়ায় নির্মাণ সম্পন্ন হবে প্রথম টার্মিনাল এবং কন্টেইনার ইয়ার্ড।

২০১৩ সালের ১৯ নভেম্বর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ মোহনায় আন্ধার মানিক নদীর তীরে টিয়াখালীতে ১৬ একর জমির ওপর দেশের তৃতীয় পায়রা সমুদ্রবন্দর প্রকল্প কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আর থামেনি উন্নয়নের অগ্রযাত্রা। দেশের তথা বিশ্বের মানুষের দৃষ্টি এখন পায়রা বন্দরের দিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত