বিতর্কিত বক্তা মুফতি ইব্রাহিম গ্রেপ্তার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৪ এএম

রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে কথিত ধর্মীয় বক্তা মুফতি কাজী ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গত সোমবার রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে তাকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি।

ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘আমরা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। মামলার প্রস্তুতি চলছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।’

সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের টিকা নেওয়ায় ‘নারীর দাড়ি গজাচ্ছে’, ‘পুরুষ কণ্ঠ পাল্টে যাচ্ছে’ এ ধরনের বক্তব্যসহ ইব্রাহিমের বিভিন্ন ধরনের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এক বক্তৃতায় তিনি করোনাভাইরাসের টিকা আবিষ্কারের ‘গাণিতিক সূত্রও’ দিয়েছিলেন। চলতি বছরের শুরুতে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এক প্রবাসী ‘স্বপ্নে’ ওই সূত্র পেয়েছেন, তিনিই তাকে বিষয়টি বলেছেন। এমন উদ্ভট বক্তব্যের অনেক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, ইব্রাহীম ফেইসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলে আসছেন, যা নিয়ে আলোচনা-সমালোচনা, বিতর্ক হচ্ছে। সেসব বিষয় যাচাই-বাছাই করতে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে সোমবার রাতে তার বাসায় ডিবি পুলিশের উপস্থিতির খবরে ফেইসবুক লাইভে আসেন ইব্রাহিম। ২০ মিনিটের বেশি সময় লাইভে কথা বলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত