পরীমণিকে নিয়ে অরণ্য আনোয়ারের প্রথম সিনেমা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৫:২২ পিএম

ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা পরীমণিকে নিজের প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা অরণ্য আনোয়ার। ‘মা’ নামের এই সিনেমাটি নির্মিত হবে সত্য ঘটনা অবলম্বনে। ১৯৭১ সালে মৃত ঘোষিত ৭ মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের ঘটনা দেখা যাবে সিনেমাটিতে। এতে সেই অসহায় মায়ের চরিত্রে থাকছেন পরীমণি।

২৯ সেপ্টেম্বর, বুধবার রাতে পরীমণি লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়েছেন এই সিনেমায়। তবে এ বছর তার কোনো শিডিউল ফাঁকা নেই। তাই আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির কাজ শুরু হবে বলে জানা গেছে। নতুন এই সিনেমায় যুক্ত হয়ে উচ্ছ্বসিত পরীমণি বলেন, ‘এমন চরিত্রে আমি আর কাজ করিনি। আমার তো মা নেই। এবার সেই মায়ের চরিত্রেই অভিনয় করবো। আশা করছি, নিজেকে ভাঙতে পারব।’

অন্যদিকে নির্মাতা অরণ্য আনোয়ার জানালেন, মায়ের চরিত্রে অভিনয়ের জন্য পরীমণি রাজি হবেন কিনা, সেটা নিয়ে দ্বিধায় ছিলেন। তবে গল্প শুনে পরী মুগ্ধ হয়েছেন এবং সানন্দে রাজি হয়েছেন। ‘মা’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। পরীমণি ছাড়া আর কে কে থাকছেন এই সিনেমায়, সেটা শিগগিরই প্রকাশ্যে আনা হবে বলে জানিয়েছেন নির্মাতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত