সরকারি কেনাকাটায় দরপত্র মূল্যায়ন চলাকালে ইস্যুকৃত প্রতিশ্রুতিপত্র প্রত্যাহার করতে পারবে না ব্যাংক। এ বিষয়ে গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে একটি সার্কুলার জারি করা হয়।
এতে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে কিছু ব্যাংক সরকারি দরপত্র মূল্যায়নকালে দরপত্রদাতার অনুকূলে ইস্যুকৃত লেটার অব কমিটমেন্ট ফর ব্যাংকস আন্ডারটেকিং প্রত্যাহার করে নেওয়ায় সর্বনিম্ন দরদাতার হাত থেকে অপেক্ষাকৃত বেশি দরদাতার হাতে কাজ চলে যাওয়ার অবকাশ থাকে। এতে একদিকে যেমন সরকারের কাজ বাধাগ্রস্ত হয়, অন্যদিকে সরকার বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখোমুখি হয়।
এ জন্য সরকারের অপ্রয়োজনীয় ব্যয় রোধকল্পে, সরকারি কাজ ত্বরান্বিত করার স্বার্থে এবং দরপত্র প্রক্রিয়া স্বচ্ছতা আনার লক্ষ্যে পরিকল্পনা মন্ত্রণালয় প্রণীত স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট ফর প্রকিউরমেন্ট অব ওয়ার্সের নির্দেশনা অনুযায়ী লেটার অব কমিটমেন্ট ফর ব্যাংকস আন্ডারটেকিং সংশ্লিষ্ট প্রকিউরমেন্ট এনটিটির সম্মতি ছাড়া প্রত্যাহার করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে প্রতিটি ব্যাংককে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।
