সড়কে কাজের মান ও গতি দুটোই ঠিক রাখতে হবে : কাদের

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০১:৫৫ এএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কে কাজের মান ও গতি দুটোই ঠিক রাখতে হবে। এখানে শৃঙ্খলা আনা বড় চ্যালেঞ্জ। এখন সংকট শৃঙ্খলা, পরিবহন ও সড়কের। এখানে ব্যর্থ হলে আমাদের উন্নয়ন ম্লান হয়ে যাবে।

গতকাল শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবসের’ আলোচনায় মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের উদ্দেশে মন্ত্রী এ কথা বলেন। দিবসের এবারের প্রতিপাদ্য ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’।

সেতুমন্ত্রীর বক্তব্যের আগে হাইওয়ে পুলিশের আইজিপি মল্লিক ফখরুল ইসলাম গত ৯ মাসের জরিমানার পরিসংখ্যান তুলে ধরেন।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘কত টাকা জরিমানা তুলেছেন, এটার হিসাব দিয়ে কোনো লাভ নেই। এটা কোনো বিষয় নয়। আমার কাছে বিষয় সড়ক নিরাপদ আছে কিনা। গাড়িগুলো নিয়ম অনুযায়ী চলছে কিনা, গাড়ির ফিটনেস আছে কিনা, চালকের ফিটনেস, গাড়ির চালক গাড়ি চালাবার যোগ্য কিনা, গাড়ি ওভারলোডেড কিনা, গাড়ি বেশি গতিতে চলছে কিনা, এগুলো আমার কাছে বিবেচনার বিষয়। আমি এটাই দেখব। আমার কাছে বিষয় দুর্ঘটনা কমেছে কিনা।’

দুর্ঘটনা দুর্ভাবনার কারণ হয়ে আছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। পাখির মতো মানুষ মরে, মাছির মতো মানুষ মরে। এ মর্মান্তিক দৃশ্যপট মানুষ হিসেবে সইতে পারি না। অনেক কষ্ট হয়। সুন্দর সুন্দর ব্যানার পোস্টার করলেই আমাদের দায়িত্ব শেষ হয় না। নিরাপদ সড়ক দিবস করতে হবে প্রতিদিন।’

ওবায়দুল কাদের বলেন, ‘অবকাঠামোগতভাবে পরিবর্তন দৃশ্যমান। আগামী বছর সড়কে বৈপ্লবিক পরিবর্তন পুরোপুরি দৃশ্যমান হবে। পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ পর্যায়ে, মেগা প্রকল্পগুলো আগামী বছর উদ্বোধন হবে। সেগুলো হলো পদ্মা সেতু, এমআরটি লাইন-৬, মেট্রোরেল, বাস র‌্যাপিড ট্রানজিট ও চট্টগ্রামে বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল।’ আগামীতে চট্টগ্রামের মিরসরাই থেকে আরেকটি মেরিনড্রাইভ উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘আগামী ২৪ অক্টোবর পায়রা সেতুর উদ্বোধন হবে। আর দীর্ঘদিনের প্রত্যাশা ঢাকা-সিলেট ও সিলেট-তামাবিল মহাসড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

অনুষ্ঠানে উপস্থিত প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেক ইঞ্জিনিয়ার ভালো কাজ করেন। কিন্তু কেউ কেউ যে কাজ করেন, এক পশলা বৃষ্টি হলেই সেই রাস্তা ভেসে যায়। এরকম রাস্তা করার কোনো দরকার নেই। কাজের মান ঠিক রাখুন। যারা ভালো কাজ করেন আমি তাদের প্রশংসা করব।’

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের ইলিয়াস কাঞ্চন, সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, হাইওয়ে পুলিশের আইজিপি মল্লিক ফখরুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত