খালেদা প্রসঙ্গে আইনমন্ত্রী

‘অবস্থা এমন হয়েছে বইতে দিলে শুইতে চায়’

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০২:৩১ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সুচিকিৎসা দেওয়ার দলটির দাবি প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘অবস্থা এমন হয়েছে যে দাঁড়াইতে দিলে বইতে চায়, বইতে দিলে শুইতে চায়।’ গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, একটা আইনে কোনো দরখাস্ত যদি নিষ্পত্তি হয়ে থাকে সেই নিষ্পত্তিকৃত দরখাস্ত আবার পুনঃবিবেচনা করার কোনো সুযোগ থাকে না। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে ওনার পক্ষে ১৫ জন আইনজীবী আমার সঙ্গে দেখা করেছেন। আমি যে আইনের কথা বলেছি এবং যে আইনে আগের আবেদন নাকচ করেছি, তা সঠিক। তারপরও ওনারা যা বলেছেন, তার কোথাও কোনো নজির আছে কি না তা খতিয়ে দেখতে সময় নিয়েছি। আর ওনারা সেই সময় নেওয়া দেখে বলছেন, আন্দোলন করবেন।’

আইনমন্ত্রী বলেন, মানবিকতা আন্দোলনের মাধ্যমে কামাই করা যায় না। আইন আইনের গতিতে চলবে। আইন জিয়াউর রহমানের গতিতে চলবে না। আইন আপনাদের (বিএনপি) গতিতেও চলবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে।’

মন্ত্রী বলেন, দুই শর্তে খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে তাকে জেল থেকে বাইরে আনার সিদ্ধান্ত হয়। একটি হলো তিনি বিদেশ যেতে পারবেন না। আরেকটি হলো তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন। তিনি হাসপাতালে যেতে পারবেন না এমনটা বলা হয়নি।

ওই অনুষ্ঠানে মন্ত্রী আখাউড়ার পাঁচশ শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করেন। পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ভূইয়া বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইন সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত