'ছাত্রলীগের বাধায়' বিজয় একাত্তর হলের সিটে উঠতে পারছে না শিক্ষার্থীরা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৫:১৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে প্রশাসনের বরাদ্দকৃত সিটে ছাত্রলীগের বাধায় উঠতে পারছেন না বলে প্রথম বর্ষের দেড় শতাধিক শিক্ষার্থী অভিযোগ করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, হল প্রশাসন সিট বরাদ্দ দিলেও ছাত্রলীগের সিনিয়ররা সিটে উঠতে বাধা দিচ্ছেন। 

জানা গেছে, গত ২৬ অক্টোবর ৩০৭ শিক্ষার্থী সিট বরাদ্দ পায়। এদের মধ্যে প্রথম বর্ষের প্রায় দেড় শ'র বেশি শিক্ষার্থী সিট বরাদ্দ পেয়েছেন। টাকা পরিশোধ করেও ছাত্রলীগের বাধায় প্রথম বর্ষের এই শিক্ষার্থীদের কেউই বরাদ্দপ্রাপ্ত সিটে উঠতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, লিস্টে নাম দেখেছি। রুম নাম্বার, সিট নাম্বারও উল্লেখ করা ছিল। আমরা টাকা জমা দিয়েছি। কিন্তু সিটে উঠতে পারছি না। ছাত্রলীগের ভাইরা বলেছে, তারা নাকি আমাদের সিট দিয়েছেন! সময় হলে তারাই আমাদের সিটে উঠতে দেবেন।

অভিযোগের বিষয়ে হল শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক আবু ইউনুস দেশ রূপান্তরকে বলেন, যে সিটগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে বিসিএস ক্যান্ডিডেটরা রয়েছে। তারা চলে গেলে সেখানে বরাদ্দ পাওয়াদের তুলে দেওয়া হবে। 

হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী হারুন রশিদ দেশ রূপান্তরকে বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীরা এক সাথে রয়েছে। কিছুদিনের মধ্যেই তারা সিটে উঠে যাবে। তাদের কাউ বাধা প্রদান করেনি। ছাত্রলীগ কাউকে সিট দেয়ও না বাতিলও করে না। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, এ ব্যাপারে আমি কিছু শুনিনি। খোঁজখবর নিতে হবে।

জানতে চাওয়া হলে বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল বাছির দেশ রূপান্তরকে বলেন, আমার কাছে কোনো শিক্ষার্থী অভিযোগ করেনি এখনো। যারা আপনাদের কাছে অভিযোগ করেছে তাদের যোগাযোগ করতে বলুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত