ভারতের পেট্রাপোল বন্দরে পরিচয়পত্র জটিলতায় গতকাল দ্বিতীয় দিনের মতো রপ্তানি বন্ধ রাখেন ভারতীয় ব্যবসায়ীরা। তবে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি স্বাভাবিক রয়েছে।
গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত আমদানি বন্ধ ছিল। এ ঘটনায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ পেট্রাপোল ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে বিএসএফ, কাস্টমস ও বন্দরের একটি বৈঠক ব্যর্থ হয়। ভারতের বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বুদ্ধদেব বিশ্বাস বলেন, এতদিন আমরা সংগঠনের পরিচয়পত্র নিয়ে পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানির কাজ করছিলাম। গত শনিবার বিএসএফ থেকে বলা হয় ভারতীয় কাস্টমস, বন্দর, সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ও ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন স্বাক্ষরিত পরিচয়পত্র ছাড়া কাউকে পেট্রাপোল বন্দর এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।
এ কারণে শনিবার আট ঘণ্টা বন্ধ থাকে রপ্তানি। পরে এক বৈঠকে আলোচনার পর আবারও কার্যক্রম চালু হয়। তারা আমাদের সোমবার পর্যন্ত সময় দেয়। কিন্তু দু’দিনের মধ্যে চারটি সংস্থা থেকে পরিচয়পত্র সংগ্রহ করা কঠিন। এ কারণে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে রপ্তানি বন্ধ করা হয়েছে।
