সৌদি আরব

ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ আহত ২

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৬:০২ এএম

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি শিল্প এলাকায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশিসহ দুজন আহত হয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট। সৌদি নেতৃত্বাধীন জোট গত রবিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজানের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করে।

হামলায় ওই এলাকার দুই বাসিন্দা আহত হন। তারা একজন বাংলাদেশি ও আরেকজন সুদানের নাগরিক বলে জানা গেছে। এ হামলাকে ‘বিদ্বেষপূর্ণ ও নিষ্ঠুর’ উল্লেখ করে মোকাবিলা করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

সম্প্রতি ইয়েমেনের একটি কারাগারে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক মানুষ। এক হুথি কর্মকর্তা এবং দাতব্য চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের বরাত দিয়ে আলজাজিরা জানায়, উত্তর ইয়েমেনের একটি কারাগারে বিমান হামলায় কয়েক ডজন লোক নিহত হয়। দেশটিতে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘাত গত সোমবার আবুধাবিতে হুথিদের ড্রোন হামলার পর নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামের সামরিক আগ্রাসন চালানো শুরু করে সৌদি-আমিরাতের সামরিক জোট। এরপর থেকেই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথি বিদ্রোহীদের মধ্যে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত