পুতিনের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০২:১৮ এএম

ইউক্রেন ইস্যুতে খোদ রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত মঙ্গলবার তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে পুতিনের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞার কথা বিবেচনা করবে হোয়াইট হাউজ। ইউক্রেনে রুশ আগ্রাসন মোকাবিলায় পশ্চিমা দুনিয়ার ক্রমবর্ধমান সামরিক প্রস্তুতির মধ্যেই বাইডেন এমন মন্তব্য করলেন বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া যদি লাখখানেক সেনা নিয়ে ইউক্রেনের দিকে অগ্রসর হয় তাহলে এটি হবে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আক্রমণ’ এবং এটি ‘বিশ্বকে বদলে দেবে।’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে তিনি সরাসরি পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন কিনা? উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ। আমি সেটা দেখব।’

এর আগে ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের জড়ো হওয়ার খবর পাওয়ার পরপরই পূর্ব ইউরোপে সম্ভাব্য সেনা মোতায়েনের জন্য প্রায় সাড়ে আট হাজার সেনাকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয় বাইডেন প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত