জাতীয় আবৃত্তি স্মারক ও গোলাম মোস্তফা পদক ২০২১ পেয়েছেন মুক্তিযোদ্ধা নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়। আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই পদক দেয়া হয়।
বৃহস্পতিবার বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবের’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত আবৃত্তি উৎসবে ভার্চুয়ালি যোগ দেন।
আবৃত্তি সমন্বয় পরিষদ জানায়, পীযূষ বন্দ্যোপাধ্যায় তার বহুমাত্রিক অভিনয় শৈলী ও চরিত্র চিত্রায়ণ দিয়ে দর্শকের মন জয় করেছেন। বাচিক অভিনয়ে তার দক্ষতা শ্রোতাকে মুগ্ধ করেছে। যার শব্দ প্রক্ষেপণ ও ধ্বনি শ্রোতাদের আকৃষ্ট করে। একজন সংগঠক হিসেবে নিজে নিজেকে অতিক্রম করেছেন। হয়ে উঠেছেন অনন্য বহুমাত্রিক। দূরদর্শী চিন্তার একজন শিল্পী। বিনয় যার অলংকার। স্নেহ মমতা অনুজদের এগিয়ে চলার সাহস দিতে তিনি অকৃপণ মুক্তহস্ত।
এ ছাড়া আবৃত্তিশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য অনুষ্ঠানে ছয় গুণীজনকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ২০২০-২২’-এর প্রদান করা হয়। ২০২০ সালে এ পদকে ভূষিত হয়েছেন গোলাম মুস্তাফা (মরণোত্তর), ২০২১ সালে সৈয়দ হাসান ইমাম ও আশরাফুল আলম এবং ২০২২ সালে জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী মদিনা ও ভাস্বর বন্দ্যোপাধ্যায়। একই দিন সংস্কৃতিবান্ধব কয়েকটি প্রতিষ্ঠান এবং গুণী আবৃত্তি শিল্পীসহ ৫০ জনকে ‘বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক’ প্রদান করা হয়েছে।
