ছাত্রনেতা আনিস খান হত্যার প্রতিবাদে মহাকরণ অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কলকাতা। মৌলালিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বিক্ষোভকারীরা। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা। পুলিশি বাধার আশঙ্কায় মিছিল শুরুর পর রুট বদল আন্দোলনকারীদের। সব মিলিয়ে তীব্র উত্তেজনা তিলোত্তমায়। এদিকে গতকাল মঙ্গলবারই আনিস খানের বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সিটের সদস্যরা।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মহাকরণ অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কলকাতা। মঙ্গলবার দুপুরে পূর্বসূচি অনুযায়ী পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে মিছিল শুরু করে আন্দোলনকারীরা। আনিস হত্যার বিচারের দাবিতে বহু পড়ুয়া শামিল হন অভিযানে। ছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। প্রথমে মৌলালিতে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা।
