ঝড়ে ভাঙল নিউটনের সেই আপেল গাছ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪২ পিএম

স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষের সূত্র আবিষ্কারের স্মৃতিবিজড়িত ‘নিউটনের আপেল গাছটি’ ঝড়ে ভেঙে গেছে। যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনের মধ্যে এই গাছটি ছিল এবং শক্তিশালী ঝড় ইউনিসের তাণ্ডবে গত শুক্রবার সেটি ভেঙে যায় বলে জানিয়েছে বিবিসি।

বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর ড. স্যামুয়েল ব্রোকিংটন বলেছেন, মহাকর্ষের সূত্র আবিষ্কারের স্মৃতিবিজড়িত এই আপেল গাছটি ১৯৫৪ সালে লাগানো হয়েছিল এবং বোটানিক্যাল গার্ডেনের ব্রুকসাইড প্রবেশদ্বারে ৬৮ বছর ধরে এটি দাঁড়িয়ে ছিল। অবশ্য স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষের সূত্র আবিষ্কারের স্মৃতিবিজড়িত হলেও এই গাছটি সরাসরি নিউটনের সময়কার সেই আপেল গাছ নয়। সূত্র আবিষ্কারের সঙ্গে সরাসরি জড়িত গাছটি থেকে ক্লোন করে এই গাছটি রোপণ করা হয়েছিল। অর্থাৎ মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কারের সঙ্গে জড়িত আপেল গাছটি থেকে শুক্রবার ঝড়ে পড়ে যাওয়া গাছটি ক্লোন করা হয়েছিল বলে জানিয়েছেন ড. স্যামুয়েল। বিবিসি বলছে, স্যার আইজ্যাক নিউটনের মাথায় যে গাছটি থেকে আপেল পড়েছিল সেটি লিংকনশায়ারের গ্রান্থামের উলসথর্প ম্যানরে অবস্থিত। যদিও উনিশ শতকে ঝড়ো হাওয়ার কারণে মূল ওই গাছটি উপড়ে যায়। কিন্তু গাছটি এরপরও বেঁচে ছিল এবং পরে বছরের পর বছর ধরে গ্রাফিটিংয়ের মাধ্যমে গাছটির বংশবিস্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত