ইউএই-বাংলাদেশ বিজনেস কাউন্সিল হবে

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৩ পিএম

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ব্যবসায়িক যোগাযোগের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ইউরোপের সঙ্গে বন্দর ও বিপণন যোগাযোগের মাধ্যম হিসেবে দুবাই জনপ্রিয় হয়ে উঠছে। তাই দুবাইতে ইউএই ও বাংলাদেশ যৌথ বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠা করতে যাচ্ছে এফবিসিসিআই।

আগামী মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দুবাই সফরকালীন এ কাউন্সিলের উদ্বোধন করা হবে। কাউন্সিলের কো-চেয়ারম্যান হিসেবে যৌথভাবে দায়িত্ব পালন করবেন এফবিসিসিআই ও ফেডারেশন অব ইউএই চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দুই সভাপতি। উদ্বোধনী অনুষ্ঠানে এফবিসিসিআই’র পক্ষ থেকে বাংলাদেশের খাতভিত্তিক বিনিয়োগ ও রপ্তানি সম্ভাবনাগুলো তুলে ধরা হবে। শনিবার এ সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ফেডারেশন অব ইউএই চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে এফবিসিসিআই’র বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকার রপ্তানিবাজার ধরা সহজ হবে। ইউরোপের সঙ্গেও ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। এফবিসিসিআই’র এ উদ্যোগ এলডিসি পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য নতুন বাজার উন্মোচনের সুযোগ তৈরি করবে বলে মনে করেন তিনি।

কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে এফবিসিসিআই’র পক্ষ থেকে দেওয়া উপস্থাপনায় বিনিয়োগের জন্য ৫টি খাতকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকির সভাপতি নাসের ইজাজ বিজয়। খাতগুলো হলো কৃষি ও হালাল খাদ্যপণ্য, হালকা প্রকৌশল বিশেষ করে গাড়ির যন্ত্রাংশ, ব্যাংক ও বীমা, পেট্রোকেমিক্যাল ও বন্দর ব্যবস্থাপনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত