বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০২:৩০ এএম

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষিত হয়েছে। নতুন কমিটিতে বজলুর রশীদ ফিরোজ সাধারণ সম্পাদক এবং রাজেকুজ্জামান রতন সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে আয়োজিত বাসদের প্রথম কংগ্রসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘আমরা এ মাসেই কেন্দ্রীয় কমিটির বৈঠক করব। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক খালেকুজ্জামান কী হিসেবে থাকবেন। আশা করছি, তিনি প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন। যারা অভিজ্ঞ আছেন, তাদের বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রয়েছে।’

খালেকুজ্জামান জানান, গত ২৮, ২৯, ৩০, ৩১ জানুয়ারি এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি প্রতিনিধি কাউন্সিলে সর্বসম্মতভাবে নতুন কমিটি নির্বাচন করা হয়েছে।

নতুন কমিটির সম্পাদকমণ্ডলীতে রয়েছেন নিখিল দাস, আবদুল কুদ্দুস, জনার্দন দত্ত, রওশন আরা রুশো, আবদুর রাজ্জাক, সাইফুল ইসলাম পল্টু, ওয়াজেদ পারভেজ, নক কুমার কর্মকার, শফিউর রহমান, জুলফিকার আলী, শম্পা বসু ও মনীষা চক্রবর্তী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত