ঈদের কেনাকাটায় গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৬:০৫ এএম

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানায় ঈদের কেনাকাটা করতে যাওয়ার পথে লরিচাপায় রিকশার আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক ছেলে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে থানার বন্দরটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবু সালেহ (৩০) ও তার ৯ মাস বয়সী ছেলে আবদুল্লাহ আল মোমিন। আহত অপর ছেলের নাম আবদুল্লাহ আল মাহিদ (৪)। তারা নগরীর পতেঙ্গা স্টিল মিল এলাকায় থাকেন। আবু সালেহ ইপিজেডের এইচকেডি গার্মেন্টসে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শী আবদুল্লাহ আল মামুন জানান, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে রিকশায় যাচ্ছিলেন আবু সালেহ। কন্টেইনারবাহী লরি পেছন থেকে রিকশায় ধাক্কা দিলে চারজনই ছিটকে সড়কে পড়ে যান। এ সময় লরিটি চাপা দিলে ঘটনাস্থলেই আবু সালেহ ও মোমিনের মৃত্যু হয়। মাথায় আঘাত পাওয়া মাহিদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আবু সালেহের স্ত্রীও সামান্য আঘাত পেয়েছেন।

ইপিজেড থানার ওসি কবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা লরিটি ভাঙচুর ও সড়ক অবরোধ করেন। অভিযান চালিয়ে লরিচালক কবির আহমদ শেখকে (২৪) আটক করা হয়। বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে গতকাল বগুড়ায় ট্রাকের ধাক্কায় আইনজীবী, কুমিল্লার মুরাদনগরে ট্রাক্টর খাদে পড়ে তিনজন ও বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় স্থানীয় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিতÑ

বগুড়ায় গতকাল সকালে মোটরসাইকেলে ট্রাক ধাক্কা দিলে মাহবুবুর রহমান ফারুক (৬৫) নামে এক আইনজীবীর মৃত্যু হয়। তিনি দুপচাঁচিয়া উপজেলার খিয়ালী মধ্যপাড়ার মৃত আইজউদ্দিন প্রামাণিকের ছেলে ও জেলা জজ আদালতের সহকারী কৌঁসুলি (এপিপি) ছিলেন।

কাহালু ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রুবেল রানা জানান, সকালে ফারুক বগুড়া-নওগাঁ সড়কে কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকায় রহিমা ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নেন। এরপর রাস্তায় ওঠার সময় স্পিড ব্রেকারের কাছে মোটরসাইকেলের গতি কমিয়ে দিলে পেছন থেকে বালুবাহী ট্রাক (সিলেট-ড-১১-২১৬৭) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

বগুড়া বার সমিতির সাধারণ সম্পাদক আবদুল সাছেদ জানান, ফারুক তাদের সংগঠনের সহ-সভাপতি ও আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ছিলেন।

কুমিল্লার মুরাদনগরে ইটবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালকসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল ভোর পৌনে ৬টায় উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া-দড়িপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের বল্লভবাড়িয়া এলাকার ট্রাক্টরচালক বাবলু মিয়া (২২), টুটুল (২২) ও হাসান মিয়া (২৩)। আহত হৃদয় মিয়াকে (২১) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হতাহতরা উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা এলাকার আশামণি ইটভাটায় মালামাল পরিবহনের কাজ করতেন।

মুরাদনগর থানার ওসি আবুল হাসিম জানান, ভাটা থেকে ইট নিয়ে গন্তব্যে যাওয়ার সময় মোচাগড়া এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। অভিযোগ না দেওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গত শুক্রবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আবদুল জব্বার হাওলাদার (৫৫) নামে স্থানীয় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার কলসকাঠি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বাকেরগঞ্জের ক্ষুদ্রকাঠি গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে ছিলেন।

বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, জব্বার মোটরসাইকেলে বরিশাল যাচ্ছিলেন। পথে বাকেরগঞ্জ ব্রিজ এলাকায় বরিশাল-পটুয়াখালী সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত