স্বাদ বদলে ভর্তা

আপডেট : ১৭ জুন ২০২২, ১১:২৯ পিএম

ভাতের সঙ্গে নানা রকম ভর্তার রেসিপি দিয়েছেন নাসরিন জামান শিখা

কচুশাক

উপকরণ

কচুশাক ২ আঁটি, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ ৬টা, শুকনো মরিচ ২টা, লবণ আধা চা-চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, কোয়া রসুন ফালি ৭টা, সরিষার তেল ৪ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. কচুশাক পরিষ্কার করে ধুয়ে বড় বড় টুকরো করে নিন।

২. কড়াইয়ে কাঁচামরিচ, লবণ, অর্ধেক পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ ফালি, রসুন কোয়া ও ১ কাপ পানিসহ ঢাকনা দিয়ে ঢেকে শাক সেদ্ধ করুন।

৩. শাক সেদ্ধ হয়ে গেলে ২ টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও ২ মিনিট রেখে নামিয়ে নিন।

৪. এ পর্যায়ে ভেজে নেওয়া শুকনো মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে বাটুন। এবার কচুপাতা ও পেঁয়াজ কুচির সঙ্গে সরিষার তেল মিশিয়ে তৈরি করে নিন কচুশাক ভর্তা।

কাঁঠালের বিচি

উপকরণ

কাঁঠালের বিচি ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, শুকনো মরিচ ৭টা, রসুন কোয়া ৭টা, লবণ ২ টেবিল চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. কাঁঠালের বিচি ফালি করে পানিতে ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এবার পরিমাণ মতো পানি দিয়ে বিচি সেদ্ধ করে নিন।

২. শুকনো মরিচ টেলে রাখুন। সরিষার তেলে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভাজুন।

৩. মাটির বাটনা থাকলে বাটনায় না হলে হাত দিয়ে শুকনো মরিচ লবণ বেটে নিন।

৪. কাঁঠালের বিচিগুলো দিয়ে পুনরায় বেটে নিয়ে ভেজে নেওয়া পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে মিশিয়ে পরিবেশন করুন।

টাকি মাছ

উপকরণ

মাঝারি আকারের টাকি মাছ মাথা ছাড়া ৭টা, সরিষার তেল আধা কাপ, লবণ ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৭টা, শুকনো মরিচ ২টা, হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ৩ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. টাকি মাছ লবণ, মরিচ ও হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিন।

২. কড়াইয়ে আধা কাপ সরিষার তেল দিয়ে মাছগুলো মাঝারি আঁচে বাদামি করে ভেজে তুলে রাখুন।

৩. এবার একই কড়াইয়ে পেঁয়াজ, শুকনো মরিচ কুচি, রসুন কুচি, লবণ, কাঁচামরিচ কুচি দিয়ে মাঝারি আঁচে ৫ মিনিট রান্না করুন।

৪. কাঁটা ছাড়িয়ে বেছে রাখা মাছ ভালোভাবে মিশিয়ে দিন এর মধ্যে।

৫. মাঝারি আঁচে আরও ৭ মিনিট অনবরত নেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নিন টাকি মাছের ভর্তা।

কচুমুখী

উপকরণ

কচুমুখী ৫০০ গ্রাম, লবণ ১ চা চামচ, সরিষার তেল ৫ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ৪টা, শুকনো মরিচ ৮টা, রসুন কোয়া ৭টা।

যেভাবে তৈরি করবেন

১. কচুমুখী পানি দিয়ে সিদ্ধ করে খোসা ছড়িয়ে রাখুন।

২. কড়াইয়ে সরিষার তেল দিয়ে শুকনো মরিচ ভেজে তারপর পেঁয়াজ কুচি বাদামি করে ভাজুন। এরপর রসুন কুচি দিয়ে আরও একটু ভাজুন।

৩. শুকনো মরিচ, লবণ ও রসুন কুচি একত্রে বেটে কচুমুখীর সঙ্গে মিশিয়ে নিন।

৪. এ পর্যায়ে ভাজা পেঁয়াজ কুচি, সরিষার তেল দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কচুমুখী ভর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত