কর্মসূচির কথা শুনলেই আ.লীগ বিচলিত : ফখরুল

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০২:২৩ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘বিএনপি’র কর্মসূচির কথা শুনলেই আওয়ামী লীগ সরকার ও তাদের প্রশাসন বিচলিত হয়ে পড়ে। মনে হয় তাদের পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করে। এমনকি দোয়া মাহফিলের মতো ধর্মীয় অনুষ্ঠানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা নারকীয় কায়দায় আক্রমণ চালায়।’ গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। 

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘পুলিশের কাছে অনুমতি নিয়ে বাগমারা উপজেলার ভবানীগঞ্জে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য গত বৃহস্পতিবার এক দোয়া মাহফিলের আয়োজন করে। এ জন্য আগে থেকে পুলিশের অনুমতি নেওয়া হলেও পুলিশ সন্ত্রাসী তা-ব চালিয়ে অনুষ্ঠান প- করে দেয়। এ ঘটনা পুরো নজিরবিহীন। পুলিশ এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তারা বিএনপির উদ্যোগে ধর্মীয় অনুষ্ঠানকেও বানচাল করতে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। এ ঘটনায় সরকারের নৃশংস ফ্যাসিবাদের উগ্র রূপ প্রকাশ পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘ময়মনসিংহ জেলাধীন পাগলা উপজেলায় আওয়ামী সন্ত্রাসীরা আখতারুজ্জামান বাচ্চুসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করেছে। এ ছাড়া ৪০টি মোটরসাইকেল ভস্মীভূত করেছে। বিএনপি নেতাদের ওপর যে পৈশাচিক হামলা করা হয়েছে তা বর্তমান অবৈধ সরকারের সন্ত্রাসনির্ভর অপরাজনীতির আরেকটি বর্ধিত বহিঃপ্রকাশ।’

মির্জা ফখরুল বলেন, ‘রাজশাহীর বাগমারা ও ময়মনসিংহের পাগলার ঘটনা সরকারের পরিকল্পিত ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বর্তমানে সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য, অর্থ পাচার আর মহাদুর্নীতিতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছে। তা আড়াল করার জন্যই দেশব্যাপী সন্ত্রাসের পরিকাঠামো তৈরি করেছে। আর এই সন্ত্রাসী কর্মকা-ে প্রতিদিনই বিএনপি নেতাকর্মীদের রক্ত ঝরছে। নিহত ও আহত হচ্ছেন বিএনপির অসংখ্য নেতাকর্মী।’

তিনি বলেন, বিএনপির কর্মসূচির কথা শুনলেই আওয়ামী লীগ ও আওয়ামী প্রশাসন বিচলিত হয়ে পড়ে। মনে হয় তাদের পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করেছে। গণতন্ত্রকে উচ্ছেদ করে অবৈধ ক্ষমতা ধরে রাখতে এই সরকার নানা ধরনের সর্বনাশা সহিংস পন্থা অবলম্বন করেছে। এমনকি পবিত্র ঈদের আগে-পরেও আওয়ামী সন্ত্রাসের বাড়বাড়ন্ত স্তিমিত হয়নি। মনে হচ্ছে প্রচ- বেগে গণবিক্ষোভের বিস্ফোরণকে ঠেকানোর জন্যই দলীয় চেতনায় সাজানো প্রশাসন ও আওয়ামী সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র দিয়ে মাঠে নামানো হয়েছে। তবে এই সরকারের পতনের সাইরেন বাজতে শুরু করেছে। জনগণের সম্মিলিত শক্তির কাছে এই সরকারের পতন এখন অতি সন্নিকটে।’

বিবৃতিতে তিনি রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জে পুলিশি হামলা ও ময়মনসিংহের পাগলা থানায় আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণের তীব্র ঘৃণা ও ধিক্কার জানান। অবিলম্বে জড়িত আওয়ামী দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে শাস্তির জোর দাবি জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত