স্বেচ্ছায় পদত্যাগের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে আইনি নোটিস

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৪:৩৬ এএম

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের পদত্যাগ চেয়ে আইনি নোটিস পাঠানো হয়েছে। বর্তমান সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করা নিয়ে বক্তব্যের জের ধরে তাকে ৪৮ ঘণ্টা সময় দিয়ে পদত্যাগ করতে বলা হয়েছে।

নোটিসে পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যকে সংবিধান পরিপন্থী ও মন্ত্রী হিসেবে শপথ ভঙ্গ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এরশাদ হোসাইন রাশেদ রেজিস্ট্রি ডাকযোগে মন্ত্রীর দপ্তরের ঠিকানা উল্লেখ করে এ নোটিস পাঠান। নির্ধারিত সময়ে পদত্যাগ না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইনজীবী। নোটিসে তিনি বলেন, আপনি (পররাষ্ট্রমন্ত্রী) নোটিস গ্রহীতা জন্মাষ্টমী উপলক্ষে গত ১৮ আগস্ট চট্টগ্রাম শহরের জে এম সেন হলে এক অনুষ্ঠানে বলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে।’ আপনার এই বক্তব্যের মাধ্যমে আপনি আপনার শপথ ভঙ্গ করেছেন এবং পরিষ্কারভাবে দেশের সংবিধান লঙ্ঘন করেছেন। আপনার এই বক্তব্য দেশের সার্বভৌমত্বকে আঘাত করেছে।

গত ১৩ আগস্ট সিলেটে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশে^র অন্য দেশের তুলনায় আমরা সুখে আছি, বেহেশতে আছি।’ তার এ বক্তব্য নিয়ে দেশজুড়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়। মন্ত্রীর এই বক্তব্যের জের ধরে ফেইসবুকে সমালোচনার ঝড় ওঠে। এর রেশ কাটতে না কাটতেই গত বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মষ্টামীর অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে সেটা অনুরোধ করেছি।’ তার এ বক্তব্য নিয়েও রাজনৈতিক অঙ্গনসহ নানা মহলে আলোচনা সমালোচনা চলছে। তবে পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য একান্তই নিজের বলে গত শুক্রবার সাংবাদিকদের জানান ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত