বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১১:০৮ পিএম

বাংলাদেশে বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ভারতের ব্যবসায়ীরা। গত ২৩ আগস্ট ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) আয়োজিত এক বাণিজ্য সম্মেলনে এ আগ্রহ প্রকাশ করেন তারা। গতকাল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক কনফারেন্সে ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে যৌথভাবে ভারতীয় কোম্পানি ৯টি ইওআই (এক্সপ্রেস অব ইন্টারেস্ট) স্বাক্ষর করে। এতে ভারতীয় প্রাথমিক বিনিয়োগের পরিমাণ হবে ৮০০ কোটি টাকারও বেশি।

বিডা জানিয়েছে, ভারতের রাজস্থানে আয়োজিত ওই কনফারেন্সে বাংলাদেশের নিটল নিলয় গ্রুপের সঙ্গে টিভিএস, থ্রি উইলার কারগোর সঙ্গে ৩০০ কোটি টাকার বিনিয়োগ ইওআই স্বাক্ষরিত হয়। এছাড়া ভারতীয় বিনিয়োগকারী টাটা ডিজেল জেনারেটর ছাড়াও যৌথভাবে মাস্টার্ড অয়েল, মার্বেল অ্যান্ড গ্রানাইট কাটিং অ্যান্ড পলিশিং, জুয়েলারি ইন্ডাস্ট্রি, সিলভার, গোল্ড অ্যান্ড হ্যান্ড মেইড এবং ট্যুরিজম ব্যবসাতেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। এছাড়াও বিজয় এন্টারপ্রাইজের সঙ্গে ৫০ কোটি টাকা বিনিয়োগের চুক্তি স্বাক্ষরিত হয়।

সিরাজুল ইসলাম আরও বলেন, প্রধানমন্ত্রী আগামী মাসে ভারত সফর করবেন, তখন সিআইআইয়ের সঙ্গে তার মিটিং রয়েছে, যার ফলে আরও বেশি ভারতীয় বিনিয়োগ বাংলাদেশে আসবে।

জয়পুরে অনুষ্ঠিত উক্ত কনফারেন্সে প্রধান অতিথি ও কিনোট স্পিকার হিসেবে সিরাজুল ইসলাম বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ তুলে ধরেন, বিভিন্ন খাতে ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের উৎসাহ প্রদান করেন।

বিডা আয়োজিত সংবাদ সম্মেলনে আইবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ বলেন, ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে খুবই আগ্রহী। বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় দুই বিলিয়ন ডলারের পণ্য ভারতে রপ্তানি হয়, আমরা এটাকে তিন বিলিয়নে উন্নীত করে রপ্তানি বৈষম্য কমিয়ে আনাসহ বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বৃদ্ধির জন্য কাজ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত