বেনাপোলে টানা ৪ দিন বন্ধ আমদানি-রপ্তানি বাণিজ্য

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১১:৫৫ পিএম

বেনাপোল বন্দর দিয়ে গতকাল রবিবার থেকে টানা চার দিন বন্ধ থাকছে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। ভারতে দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টের যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে গতকাল রবিবার ৭ হাজারের বেশি যাত্রী ভারতে যাতায়াত করেছে।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, পূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সঙ্গে পাসপোর্টের যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বন্দর সূত্র বলছে, পূজার ছুটিতে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে লোড-আনলোড ও কাস্টমসের কাজ চলবে। বেনাপোল বন্দরে মালামাল ওঠানামাসহ স্বাভাবিক রয়েছে পণ্য ডেলিভারি। সকাল থেকে ৭০ ট্রাক মালামাল খালাস হয়েছে বন্দর থেকে।

এদিকে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় আছে পণ্যবোঝাই কয়েক হাজার ট্রাক। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন শিল্প কলকারখানা ও গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের কাঁচামাল। ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজার ছুটিতে ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ৬ অক্টোবর সকাল থেকে পুনরায় চালু হবে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত