ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম ৩০ অক্টোবর অবসরে যাচ্ছেন। গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এদিকে নতুন ডিএমপি কমিশনার প্রায় চূড়ান্ত করে এনেছে সরকার। পুলিশ স্টাফ কলেজের রেক্টর ও অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক নতুন কমিশনার হচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। তা ছাড়া কমিশনারের তালিকায় শিল্প পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান, ট্যুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হাবিবুর রহমানের নামও আলোচনা আছে। গতকাল বৃহস্পতিবার নতুন ডিএমপি কমিশনার নিয়োগসংক্রান্ত একটি প্রজ্ঞাপন হওয়ার কথা ছিল।
ডিএমপি কমিশনারের অবসরে যাওয়ার বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২১ সালের ২৮ অক্টোবর প্রজ্ঞাপনমূলে অবসরপ্রাপ্ত পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি, গ্রেড-১) মোহা. শফিকুল ইসলামের অনুকূলে স্থগিতকৃত অবসরোত্তর ছুটি ৩০ অক্টোবর ২০২২ থেকে ২৯ অক্টোবর ২০২৩ পর্যন্ত মঞ্জুর করা হলো।’ এ সময় বিধি অনুযায়ী তিনি অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সব সুবিধা প্রাপ্য হবেন বলে উল্লেখ করা হয়।
মেয়াদ শেষ হলেও এক বছরের জন্য শফিকুল ইসলামকে ডিএমপি কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। গত বছর ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর তিনি কমিশনার হিসেবে দায়িত্ব নেন। বিসিএস অষ্টম ব্যাচের এ কর্মকর্তা ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন।
কর্মজীবনে শফিকুল ইসলাম নারায়ণগঞ্জ, পটুয়াখালী, সুনামগঞ্জ ও কুমিল্লায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তা ছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি (উপমহাপরিদর্শক) ও ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) হিসেবে পদোন্নতি পাওয়ার পর তিনি অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান, পুলিশ সদর দপ্তরের এইচআরএম শাখার প্রধান ও সিআইডি প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
