ভারত থেকে জ্বালানি তেল আমদানি আগামী বছর থেকে

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০১:৩৬ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে তেল আমদানি করতে চায়। আশা করছি আগামী বছর তা শুরু করা যাবে। গতকাল রবিবার আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইরামি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

বিশ্বজিৎ দাইমারি চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর ৩২ সদস্যের বিধায়কের প্রতিনিধি হিসেবে দলটি বাংলাদেশ সফর করছে। ১৩০ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপিএল) প্রকল্পের লক্ষ্য ভারত থেকে বাংলাদেশে তেল রপ্তানি করা।

শেখ হাসিনা আরও বলেন, করোনাকালে বন্ধ হয়ে যাওয়ায় দুদেশের সীমান্ত লাইনের বিভিন্ন অংশে বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্ডার হাটগুলো আবার চালু হবে।

আবাদি জমি রক্ষায় পরিকল্পিত শিল্পায়নের আহ্বান প্রধানমন্ত্রীর : এদিকে গতকাল কর্ণফুলী ড্রাইডক স্পেশাল ইকোনমিক জোনসহ ৫০টি শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভার্চুয়ালি ইজেডগুলোতে শিল্প প্রতিষ্ঠানের উদ্বোধন করেন । বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্র্তৃপক্ষ (বেজা) স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

৫০টি শিল্প স্থাপনার মধ্যে চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে (বিএসএমএসএন) চারটি কারখানা এবং বেসরকারিভাবে পরিচালিত বিভিন্ন ইজেডে আটটি কারখানা খোলা হয়েছে। এই শিল্প ইউনিটগুলো ইতিমধ্যেই ৯৬৭ দশমিক ৭৩ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং প্রায় ৩৩১ দশমিক ২৭ মিলিয়ন ডলার আরও বিনিয়োগ করবে।

প্রধানমন্ত্রী বিভিন্ন ইজেডে ২৯টি শিল্প ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যেগুলো এখন পর্যন্ত ৬১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং আর ১ হাজার ৯২২ দশমিক ৩৯ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রক্রিয়াধীন রয়েছে। বিএসএমএসএন, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, শ্রীহট্ট ইজেড এবং সাবরাং ট্যুরিজম পার্কের প্রশাসনিক ভবন উদ্বোধন করা হয়। তিনি আনুষ্ঠানিকভাবে বিএসএমএসএন-এ ২০ কিলোমিটার শেখ হাসিনা সরণি, ২৩০ কেভিএ গ্রিডলাইন এবং সাবস্টেশন উদ্বোধন করেন এবং প্রতিদিন ৫০ মিলিয়ন লিটার (এমএলডি) ক্ষমতাসম্পন্ন একটি পানি শোধনাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত