মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে শপথ নেন তিনি। গত শনিবারের সাধারণ নির্বাচনে কোনো দল বা জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শেষ পর্যন্ত ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হয়। রাজনৈতিক দলগুলোও সরকার গঠনে নিজেদের মধ্যে সমঝোতায় ব্যর্থ হয়। শেষ অবধি রাজা আল-সুলতান আবদুল্লাহের বিশেষ কাউন্সিলে আসে সিদ্ধান্ত। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটির সাধারণ নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন একটি ও সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন অপর রাজনৈতিক জোটও কাক্সিক্ষত ফল পায়নি। দেশটির ২২২ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১২টি আসন। আনোয়ারের দল পায় ৮২টি আসন আর মুহিউদ্দিনের পারিকাতান ন্যাশনাল পায় ৭৩টি।
নির্বাচনের চার দিন পর অচলাবস্থা থেকে উত্তরণে নতুন প্রধানমন্ত্রী বাছাই নিয়ে আলোচনার জন্য সুলতানদের ‘কাউন্সিল অব রুলার্স’-এর বিশেষ বৈঠক ডাকেন রাজা আল-সুলতান আবদুল্লাহ। মালয়েশিয়ার প্রদেশ ৯টি। প্রতিটি প্রদেশের প্রাদেশিক প্রধানের পদবি হচ্ছে সুলতান। এই সুলতানরা সবাই রাজপরিবারের সদস্য। ‘কাউন্সিল অব রুলার্স’ মালয়েশিয়ার রাজা ও সুলতানদের নিয়ে গঠিত। পদাধিকার বলে রাজা আবদুল্লাহ এই পরিষদের প্রধান। মালয়েশিয়ার রাজার ভূমিকা মূলত আলঙ্কারিক হলেও সাংবিধানিক অধিকার বলে তিনি কাউকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার যোগ্য বলে মনে করলে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করতে পারেন।
প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় আনোয়ারের তিন দশক ধরে চলা লম্বা সফরের অবসান হলো। একসময় যাকে প্রধানমন্ত্রীর উত্তরাধিকার হিসেবে ভাবা হয়েছিল সমকামিতার অভিযোগে তাকেই কারাগারে যেতে হয়। কারাগার থেকে বের হওয়ার পর দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা ছিলেন আনোয়ার।
