এক হামলায় ৪০০ রুশ সেনা হত্যার দাবি

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ০৬:২৭ এএম

রুশ বাহিনীর দখলে থাকা দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪০০ রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। তবে ইউক্রেনের দাবি অনুযায়ী নিহতের সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি। রাশিয়ার পক্ষ থেকে হতাহতের বিষয়টি স্বীকার করা হলেও নিহতের সংখ্যা জানানো হয়নি।

বিবিসি জানাচ্ছে, গতকাল সোমবার ইউক্রেন বাহিনী দোনেৎস্কের মাকিভকা শহরে রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে এ হামলা চালায়। ইউক্রেনের সেনাবাহিনীর হিসাবমতে, হামলায় অন্তত ৩০০ জন আহত এবং আনুমানিক ৪০০ জন নিহত হয়েছে।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে গত রবিবার রাতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলাকালে বিমান হামলার আওয়াজ শোনা গেছে। কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেস্কি কুলেবা বলেন, কিয়েভ অঞ্চলে বিপদ চলছেই। আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী হামলাস্থলে কাজ করছে। সতর্কতা সংকেত বন্ধ না হওয়া পর্যন্ত শান্ত ও নিরাপদ আশ্রয়ে থাকাটাই মূল বিষয়। তিনি অভিযোগ করেন, কিয়েভে হামলায় রুশ বাহিনী ইরানের শাহেদ ড্রোন ব্যবহার করছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় দেসনিয়ানস্কি এলাকায় বিস্ফোরণ হয়েছে। হামলায় একজন নিহত হয়েছেন।

দোনেৎস্কের অধিকৃত অঞ্চলের এক ঊর্ধ্বতন রুশপন্থি কর্মকর্তা ড্যানিল বেজসোনোভ বলেছেন, নতুন বছরের মধ্যরাতের দু’মিনিট পর মাকিভকা নগরীতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, আমেরিকান হিমার্স থেকে একটি প্রশিক্ষণ স্কুলে বড় ধরনের ধামাকা হয়েছে। অনেকে হতাহত হয়েছে। তবে এর সঠিক সংখ্যা কত তা এখনো জানা নেই। বহু রুশ ভাষ্যকার এবং ব্লগার হামলা হওয়ার কথা স্বীকার করলেও সেনা নিহতের সংখ্যা কম বলে দাবি করেছে। রুশ প্রেজেন্টার ভøাদিমির সোলোভায়ভ টেলিগ্রামে লিখেছেন, উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে তবে নিহতের সংখ্যা ৪শ’র ধারেকাছেও নয়।

এর আগে নতুন বছর উপলক্ষে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ জয়ের প্রত্যয় জানান এবং এ বছরের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরার কথা বলেন। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত