আস্থাহীনতা বীমা খাতের বড় চ্যালেঞ্জ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১১:২৫ পিএম

বীমা খাতের উন্নয়নে মানুষের আস্থার সংকট কাটানো এ খাতের উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এজন্য উদ্যোক্তাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গতকাল বৃহস্পতিবার এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত বীমা খাত বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও বীমা খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ খাতে আস্থাহীনতা একটি বড় চ্যালেঞ্জ। এই অবস্থান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মানুষের মধ্যে বীমা বিষয়ে নেতিবাচক ধারণা পাল্টাতে এই খাতের সংশ্লিষ্ট সবার সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

জসিম উদ্দিন আরও বলেন, ‘বীমা খাতে অনেক সম্ভাবনা রয়েছে। তবে এখনো আমরা সেসব সম্ভাবনাকে কাজে লাগাতে পারিনি। দীর্ঘমেয়াদে ভালো করতে তরুণ শিক্ষার্থীদের এই খাতে সম্পৃক্ত করে তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।’

এফবিসিসিআই’র সহ-সভাপতি এম এ মোমেন বলেন, ‘সময়ের পরিবর্তন হলেও বীমা খাত সনাতন প্রক্রিয়ার মধ্যেই রয়ে গেছে। এই খাতের আধুনিকায়ন অত্যন্ত জরুরি।’ এসময় আকর্ষণীয় পণ্য ও সেবা নিয়ে আসার মাধ্যমে নতুন গ্রাহকদের আকৃষ্ট করার পরামর্শ দেন তিনি।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বীমা প্রতিষ্ঠানগুলো তাদের প্রস্তাবগুলো লিখিতভাবে উপস্থাপন করলে এফবিসিসিআই সেগুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে বলে জানান এফবিসিসিআই সহ-সভাপতি মো. আমিন হেলালী।

বীমা খাতের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান কমিটির ডিরেক্টর ইনচার্জ এ.কে.এম. মনিরুল হক। বীমা খাতের চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় এ খাতের সব অংশীজনদের সহযোগিতা চান সাবেক সাংসদ ও কমিটির চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী।

এফবিসিসিআইর মহাসচিব ও জীবন বীমা করপোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহফুজুল হক বলেন, এই খাতের অটোমেশন করা গেলে বিদ্যমান  সমস্যাগুলোর বহুলাংশে সমাধান হবে।

এসময় এফবিসিসিআই’র পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, হাফেজ হারুন, কমিটির কো-চেয়ারম্যান মজিবুল ইসলান, ইসহাক আলি খান পান্না, জালালুল আজিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত