অন্য যেকোনো সময়ের তুলনায় ডিসিরা (জেলা প্রশাসকরা) স্বস্তিতে আছেন। তাদের সবচেয়ে বড় স্বস্তি দিয়েছে হুটহাট বদলি বন্ধ হওয়া। স্থানীয় প্রভাবশালীরা বিশেষ করে এমপিরা তাদের একসময় ঘোষণা দিয়ে বদলি করে দিতেন। ডিসিদের স্বস্তি সুদৃঢ় করেছে তাদের ওপর সরকারের অতিমাত্রার নির্ভরতাও। ত্রাণ বিতরণ ও দরিদ্র অসহায় মানুষের তালিকা তৈরির কাজ ডিসিদের স্বস্তির প্রমাণক হলেও এসব রাজনীতিবিদের সঙ্গে তাদের দূরত্ব বাড়িয়েছে বলে মনে করেন অনেক বর্তমান ও সাবেক ডিসি।
গত এক বছরে ৪০ জন উপসচিবকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এক জেলা থেকে অন্য জেলায় যাদের বদলি করা হয়েছে সেই কয়েকজনের মধ্যে অঞ্জনা খান মজলিস এবং জসীম উদ্দিন হায়দার অন্যতম। অঞ্জনা খান মজলিসকে চাঁদপুর থেকে নেত্রকোনায় বদলি করা হয়। স্থানীয় প্রভাবশালী রাজনীতিকের সঙ্গে লড়তে গিয়েই মূলত বছরজুড়ে আলোচনায় ছিলেন অঞ্জনা খান মজলিস। ডিসি অঞ্জনা খাসজমি উদ্ধারে রাজনীতিকের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলা করার ২১ দিনের মাথায় বদলি করা হয় তাকে।
টাঙ্গাইলে বদলির আগে জসীম উদ্দিন হায়দার ছিলেন বরিশালের ডিসি। সেখানে দায়িত্ব পালনের সময় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের সম্পর্কের অবনতি ঘটে। ভোটকেন্দ্রে বিত-া এবং এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের শুভেচ্ছা ব্যানার অপসারণসহ নানা ঘটনা ঘটে। এতে জড়িয়ে পড়ে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনসহ গোটা প্রশাসন। এসব ঘটনার বেশ কিছু দিন পর বরিশালের ওই সময়ের ডিসি জসীম উদ্দিন হায়দারকে টাঙ্গাইলে বদলি করা হয়।
একজন ডিসি নাম প্রকাশ না করার শর্তে বলেন, অঞ্জনা আর জসীমের বিষয় দুটিই প্রমাণ করে রাজনৈতিক হস্তক্ষেপ কমেছে। গত এক বছরে কেবল তাদের দুজনকেই স্থানীয় রাজনীতিবিদের চাপে সরাতে হয়েছে। তারপরও তাদের প্রত্যাহার করা হয়নি। এক জেলা থেকে সরিয়ে অন্য জেলায় দেওয়া হয়েছে। সরকার যদি মনে করত তারা অপরাধী, তাহলে তাদের প্রত্যাহার করা হতো। রাজনৈতিক চাপের কারণে তাদের কেবল সরিয়ে দেওয়া হয়েছে।
অঞ্জনা খান মজলিস আর জসীম উদ্দিন হায়দার ছাড়াও গত বছর আলোচনায় ছিলেন নাফিসা আরেফিন। গত বছরের ৫ জানুয়ারি নাফিসাকে নীলফামারীর ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু ঘটনার এক সপ্তাহ না যেতেই নাফিসার ডিসি পদের নিয়োগ বাতিল করা হয়। নাফিসা সম্পর্কে অভিযোগ ছিল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শামসুন্নাহার হল ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ ওঠায় মন্ত্রিপরিষদ বিভাগে নতুন নিয়োগ পাওয়া ডিসিদের জন্য আয়োজিত ব্রিফিংয়েও তাকে ডাকেনি।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার দেশ রূপান্তরকে বলেন, ডিসি বা প্রজাতন্ত্রের কর্মচারীরা জনস্বার্থে নিয়োজিত। কিন্তু এরূপ জনস্বার্থ রক্ষা করতে গিয়ে কেউ কেউ প্রভাব বলয়ের রোষানলে পড়েন। তখন যদি তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়, তবে এ ধরনের কর্মকর্তারা হতোদ্যম হবেন। ভবিষ্যতে ঝুঁকি নিতে থাকবেন দ্বিধান্বিত। পরিণতি জেনে অন্যরাও এ থেকে নেতিবাচক শিক্ষাই লাভ করবেন। আর তা হচ্ছে জনস্বার্থ বিসর্জন দিয়ে নিজের গা বাঁচিয়ে চলা। কাজেই সবকিছুকে নিয়মের মধ্যেই করা উচিত। এর ব্যত্যয় ঘটাতে গেলেই বিপদে পড়তে হয়।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বিভাগের একজন ডিসি বলেন, আমাদের সিনিয়রদের মুখে শুনেছি তারা কত ঝামেলার মধ্যে দায়িত্ব পালন করেছেন। এমপিরা ডিসিকে প্রকাশ্যে বদলির হুমকি দিয়ে ঢাকা আসতেন, সেখান থেকেই বদলির আদেশ নিজের জেলার ডিসির কাছে পাঠিয়ে দিতেন। সেই সময়ের সিনিয়রদের দৃষ্টিতে আমরা অনেকটাই স্বস্তিতে কাজ করছি। যদিও কিছু রাজনীতিবিদ সুযোগ পেলেই আমাদের বিরোধিতা করেন। সরকারপ্রধানের ইচ্ছায় আমরা মহামারীর সময় ত্রাণ বিলি করেছি। চরম দারিদ্র্যসীমার নিচের মানুষদের নামের তালিকা করেছি। এতে করে সাধারণ মানুষের উপকার হয়েছে বলেই আমরা মনে করি।
এক প্রশ্নের জবাবে ঢাকা বিভাগের ওই ডিসি বলেন, সরকারি চাকরিতে বদলি একটি আবশ্যিক শর্ত। নানা কারণে বদলি করতে হয়। বিশেষ করে স্থানান্তরের বদলির ক্ষেত্রে কিছু একটা সময়সীমা মেনে চলা হয়। কেননা, এক স্থান থেকে অন্যত্র বদলি করলে তার সংসারজীবন কিছুটা ওলটপালট হয়। নতুন জায়গায় সংসার পাতার ঝঞ্ঝাট অনেক। কিছুটা অতিরিক্ত অর্থের বিষয়ও থাকে। অসময়োচিত বদলি অত্যাবশ্যক না হলে পরিহার করতে বলা হয়। তার ওপর কোনো কর্মকর্তা যদি জনস্বার্থে ভালো কোনো উদ্যোগ নিতে গিয়ে প্রভাবশালী মহলের বিরাগভাজন হন, সে ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা চায় তাকে সেখান থেকে বদলি করাতে। বদলি প্রক্রিয়ার সঙ্গে যারা সংশ্লিষ্ট থাকেন, তাদের উচিত সচেতন ও সক্রিয়ভাবে এ ধরনের বদলির প্রচেষ্টা ঠেকানো। কারণ একজন কর্মকর্তা বদলি হয়ে গেলে সেখানকার সেবা গ্রহীতাদেরও কিছু সমস্যা হয়।
২০১৮ সালের নির্বাচনের পর থেকে আমলাতন্ত্র দৃষ্টিকটুভাবে সর্বত্র প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ রাজনীতিবিদদের। তাদের মতে, আমলাদের কেউ কেউ নিজেদের মূল দায়িত্ব ভুলে দলীয় কর্মীর মতো কাজ করছেন। অনেকেই মনে করেন, ২০১৮ সালের নির্বাচনে বর্তমান সরকারকে ক্ষমতায় আনতে প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাতেই তারা নিজেদের সর্বেসর্বা ভাবতে শুরু করেছেন। ক্ষমতায় আসতে নেতাকর্মী, জনগণের ভোটের গুরুত্ব কমে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজনীতিতেও রাজনীতিবিদদের প্রভাব কমেছে। তোফায়েল আহমেদের মতো রাজনীতিবিদও সংসদে আমলাদের বাড়াবাড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তোফায়েল আহমেদের মতো ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদও রাজনীতিবিদদের অসহায়ত্বের কথা বলেন সংসদে।
সংসদের বাইরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছিলেন, ‘আমলাতন্ত্রের বিকল্পও তো নেই। কেউ আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারেনি। সোভিয়েত ইউনিয়ন এর বিকল্প বের করতে পারেনি। চীনারা পারেনি। ফেরাউনও পারেনি। খলিফারাও পারেননি। সেই মহান আমলাতন্ত্র আমাদের মধ্যেও আছে।’
প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি করার বিধান নেই। কিন্তু গত এক যুগ ধরে সচিবালয় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের মধ্যে দলবাজির প্রতিযোগিতা চলছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের কে কত বড় নেতাকর্মী সেটা প্রমাণের চেষ্টা চলছে। ডিসিরাও এর বাইরে নন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
