আকাশের বেলুনে চুপসে গেল সম্ভাবনা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের আকাশে শনাক্ত হওয়া চীনা বেলুন নিয়ে শুরু হয়েছে তোলপাড়। কোনো প্রমাণ না পেলেও যুক্তরাষ্ট্রের দাবি বেলুনটি চীন গোয়েন্দা নজরদারির জন্য পাঠিয়েছে। যদিও চীন বলেছে, বেলুনটি আবহাওয়া পর্যবেক্ষণের কাজে নিয়োজিত ও এটি ভুল করে সেদেশে গেছে। তবে এতে মন গলেনি যুক্তরাষ্ট্রের। বেলুনকাণ্ডে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের চীন সফর স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এতে করে গত কয়েক বছরের মধ্যে চীনে যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে একটি প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা মুছে গেল। 

বিবিসি এক প্রতিবেদনে বলেছে, বৃহস্পতিবার বেলুনটি শনাক্ত করার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, চীনের এই গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত সংবেদনশীল’ সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়ছে। কিন্তু পরের দিন চীন দাবি করেছে, আবহাওয়া পর্যবেক্ষণের জন্য পাঠানো এ বেলুন পথ ভুল করে যুক্তরাষ্ট্রে গেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মূলত আবহাওয়া পর্যবেক্ষণের জন্য বেলুনটি আকাশে ওড়ানো হয়েছিল। কিন্তু নির্দিষ্ট পথে না গিয়ে সেটি যুক্তরাষ্ট্র গেছে। দেশটির আকাশসীমায় অনাকাক্সিক্ষতভাবে বেলুনটি উড়ে যাওয়ার এ ঘটনার জন্য বেইজিং অনুতপ্ত। বাতাসে বেলুনটি পথ ভুল করেছে দাবি করে বিবৃতিতে আরও বলা হয়, বেলুনটি নিজের গতিপথে ওড়ার ক্ষমতা সীমিত। এ অবস্থায় এতে অপ্রত্যাশিত বাতাস লাগে। এতে বেলুনটির গতিপথ পরিবর্তন হয়। এটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চলে যাওয়ার ঘটনা অপ্রত্যাশিত।’

তবে চীনা বেলুনটি যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশে দেখা গেছে বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাহিনীর বিমানঘাঁটি, ভূগর্ভস্থ কৌশলগত ক্ষেপণাস্ত্রকেন্দ্র রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, স্পষ্টত, এ বেলুনের উদ্দেশ্য ছিল অত্যন্ত সংবেদনশীল এলাকাগুলোর ওপর নজরদারি করা।

যদিও চীনের বেলুন শনাক্ত করার এ ঘটনাকে ‘বিপজ্জনক গোয়েন্দা হুমকি’ হিসেবে বিবেচনা করতে নারাজ পেন্টাগন। নাম প্রকাশ না করার শর্তে আরেক পেন্টাগন কর্মকর্তা বলেন, ‘চীনা গোয়েন্দা বেলুনটি কয়েক দিন আগে মার্কিন আকাশসীমায় ঢুকে। আমাদের গোয়েন্দারা এটি শনাক্ত করতে সক্ষম হন। তবে বেলুনটি খুব বেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারবে না।’

তবে বিবিসি বলছে, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনায় প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বেলুনটি গুলি করে ভূপাতিত করার বিষয়ে আলোচনা করেছেন।

শেষে চীনের বিবৃতির পর সেটিকে গুলি না করে আগামী সপ্তাহে ব্লিঙ্কেনের চীন সফর বাতিল করে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, গত কয়েক বছরের মধ্যে চীনে যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে এটি প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক হতে পারত। কিন্তু বর্তমান পরিস্থিতি এ বৈঠকের অনুকূলে নেই বলে সফর বাতিল করতে বলেছেন বাইডেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত