বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবারের পূর্বঘোষিত গণপদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষ নিহত হওয়ায় শোক প্রকাশ ও সমবেদনা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
পদযাত্রার পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। গতকাল বুধবার গভীর রাতে মোবাইলে ফোনে পাঠানো বার্তায় এসব তথ্য জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এর আগের সিদ্ধান্ত অনুযায়ী, আজ দুপুর ২টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গোপীবাগ ব্রাদার্স ক্লাবের মাঠ থেকে শুরু হয়ে কমলাপুর, মতিঝিল, দৈনিক বাংলা, পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে পদযাত্রা শেষ হওয়ার কথা ছিল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুরোধের পরিপ্রেক্ষিতে বিএনপি কিছু জানিয়েছে কি নাÑ এ বিষয় গতকাল সন্ধ্যায় কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, আমরা তাদের জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো বক্তব্য জানায়নি। তবে আমরা আশা করছি তারা সহনশীল আচরণ করবে। বিএনপি অনুমতি পেয়েছে কি না এ বিষয় তিনি বলেন, আমরা বাধা দেব না। তবে তারা যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করে, ভাঙচুর করে অথবা আগুনসন্ত্রাস করে তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গতকাল বিকেল ৫টায় রাজধানীর শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় এক প্রস্তুতি সভা হয়। সভায় মির্জা আব্বাস বলেন, ‘আমরা কর্মসূচি ঘোষণা করলে একইদিন আওয়ামী লীগ শান্তি মিছিলের নামে অশান্তির কর্মসূচি ঘোষণা করে। আমরা আহ্বান জানাব এ ধরনের পাল্টা কর্মসূচি দেওয়া বন্ধ করেন। কারণ আমরা আগেই বলেছি আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। আপনারা শান্তি মিছিলের নামে অশান্তির পরিবেশ সৃষ্টি করলে আমরা বসে থাকব না।’
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম এবং পরিচালনা করেন দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু। সভায় মহানগর বিএনপি নেতারাসহ অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতারা অংশ নেন।
গত মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঘোষিত ১০ দফা দাবি আদায়ে আবারও ঢাকা মহানগরে ৯ ও ১২ ফেব্রুয়ারি পদযাত্রা করবে বিএনপি। ১২ ফেব্রুয়ারি মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী ক্লাব মাঠ থেকে লিংক রোড, শিয়া মসজিদ মোড়, তাজমহল রোড, নূরজাহান রোড, বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়, মোহাম্মদপুর আল্লাহকলি মসজিদ সড়ক হয়ে বসিলা সাত রাস্তার মোড়ে গিয়ে পদযাত্রা শেষ হবে। এর আগে গত সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
