আগামী ৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। পদযাত্রাসহ নানান আয়োজনে দিনটি পালন করেন নারী অধিকারকর্মীরা। তবে এ বছর পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে নারী দিবসের পদযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রশাসনের দাবি, এ দিন ‘বিতর্কিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়।’ আর এ কারণে এ বছর লাহোরে কোনো ধরনের পদযাত্রা করতে দেওয়া হবে না। নিরাপত্তার অজুহাতও আছে। নিজেদের সিদ্ধান্ত জানিয়ে গত শুক্রবার পদযাত্রার আয়োজনকারীদের নোটিশও পাঠিয়েছে তারা। এ পদযাত্রার আয়োজক ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে পশ্চিমাদের দালালি, ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসকে অসম্মান করার অভিযোগ তোলা হয়। ২০২০ সালে পাকিস্তানে নারী দিবসের পদযাত্রায় অংশগ্রহণকারীদের ওপর পাথর নিক্ষেপ করার ঘটনা ঘটেছিল। রক্ষণশীল দেশটিতে ৮ মার্চ নারী দিবসের পদযাত্রার বিরুদ্ধে পাল্টা পদযাত্রার আয়োজন করে থাকে ধর্মভিত্তিক দলগুলো। এ বছর লাহোরে নারী অধিকারকর্মীদের পদযাত্রার অনুমোদন না দেওয়া হলেও ধর্মভিত্তিক দলগুলোকে তা দেওয়া হয়েছে। হিবা আকবর নামের এক নারী অধিকার কর্মী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘এটি আমাদের অধিকার খর্ব করার শামিল। এটি দুপক্ষের স্বাধীনতার অধিকার বিষয়ে রাষ্ট্রের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।’
×
