রাজধানীর উত্তরা থেকে ডাচ্-বাংলা ব্যাংকের লুট হওয়া ১১ কোটি ২৫ লাখ টাকার মধ্যে আরও ৫৮ লাখ ৭ হাজার উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া লুটের পরিকল্পনাকারীসহ আরও তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গতকাল মঙ্গলবার ও আগের দিন সোমবার দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো মো. হৃদয় (২১), আকাশ ও মিলন মিয়া (২৯)। তাদের মধ্যে আকাশ পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম। এ নিয়ে এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হলো।
গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ডিএমপি ডিবির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ।
গত বৃহস্পতিবার সকালে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা পৌঁছে দিতে যাওয়ার সময় তুরাগ এলাকায় বেসরকারি নিরাপত্তা সংস্থা মানিপ্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের একটি মাইক্রোবাস আটকে চার ট্রাঙ্ক টাকা নিয়ে যায় একদল ডাকাত। ওইসব ট্রাঙ্কে ব্যাংকের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল বলে মানিপ্ল্যান্টের তরফ থেকে জানানো হয়।
সেদিন অভিযান চালিয়ে তিনটি ট্রাঙ্ক উদ্ধার করা হয়, সেখানে ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা ছিল। পরে গত শনিবার ঢাকা ও সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২ কোটি ৫৪ লাখ টাকা উদ্ধারের কথা জানায় ডিবি পুলিশ। তাদের পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ (রিমান্ড) করছে পুলিশ।
জিজ্ঞাসাবাদের বরাতে ডিবিপ্রধান হারুন অর রশীদ জানান, ডাকাতির পেছনে কেউ ছিল পরিকল্পনাকারী, কেউ মোবাইল ফোনসেট ও সিম সংগ্রহকারী, কেউ শুধু ঘটনার সময় কাজ করে। মূল পরিকল্পনা ও বাস্তবায়নকারী হিসেবে কাজ করে চার-পাঁচজন। এদের মধ্যে আকাশ ও সোহেল রানা নামের দুজন ডাকাতির মূল ছকটি সাজায়। বুথে টাকা পৌঁছে দেওয়ার কাজ করা মানিপ্ল্যান্টের সাবেক গাড়িচালক সোহেলসহ তিনজন পলাতক।
এক প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা বলেন, মানিপ্ল্যান্টের কেউ জড়িত ছিল কি না সেটি তদন্ত করা হচ্ছে। তবে পলাতক সোহেল রানা মানিপ্ল্যান্টে গাড়িচালকের চাকরি করত। তাকে গ্রেপ্তার করা হলে সবকিছু জানা যাবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন আরও বলেন, আকাশ তার পূর্বপরিচিত ইমন মিলনের কাছে টাকা ডাকাতির বিষয়টি শেয়ার করে এবং তাকে এই কাজে যুক্ত হওয়ার প্রস্তাব দেয়। তাকে লোকজন সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়। ইমন মিলন তার পূর্বপরিচিত সানোয়ার হোসেনকে বিষয়টি জানায় এবং লোকজনের জোগান, সিম সংগ্রহ ও মোবাইল ফোন কেনার দায়িত্ব দেয়। সানোয়ার আটটি নতুন সিম এবং মোবাইল সেট জোগাড় করে। তার নিজ জেলা সুনামগঞ্জ ও নেত্রকোনা থেকে ৯ জনকে সংগ্রহ করে। তারা প্রত্যেকেই ঘটনার দুদিন আগে ঢাকায় একত্র হয়। পরিকল্পনাকারীরা তাদের ঢাকায় এনে নতুন পোশাক ও জুতা কিনে দেয়। আকাশ ও সোহেল ডাচ্-বাংলা ব্যাংকের টাকা লুটের বিষয়টি গোপন রাখে ইমন মিলন ও সানোয়ারের কাছে। তারা জানায়, তারা কিছু অবৈধ হুন্ডির টাকা লুট করবে।
ডিবিপ্রধান বলেন, ডাকাতির পর আকাশ মাইক্রোবাসে উঠতে না পারায় তারা আতঙ্কিত হয়ে পড়ে। তারা ধারণা করে যে, আকাশ ধরা পড়ে গেছে। ধরা পড়ার ভয়ে তারা তাদের কাছে থাকা ফোনগুলো ৩০০ ফুট সড়কে ফেলে দেয়। পরে একটি নির্জন জায়গায় গিয়ে ব্যাগ এবং বস্তায় করে যার যার মতো টাকা নিয়ে পালিয়ে যায়।
