হারুন স্যার অনেক ভালো মানুষ : হিরো আলম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০৮:৩০ পিএম

বেলা আড়াইটার দিকে ব্যক্তিগত সমস্যার অভিযোগ নিয়ে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের সঙ্গে দেখা করেন ইউটিউবার হিরো আলম। প্রায় আড়াই ঘণ্টা পর বিকেল ৫টার দিকে ডিবি কার্যালয় থেকে বের হন তিনি।

এসময় তিনি বলেন, আমি আইনকে শ্রদ্ধা করি। আরাভ ইস্যুতে কোনো তথ্য বা সহযোগিতা লাগলে আমি করব। আরাভের বিষয়টি যেহেতু তারা তদন্ত করছেন, যেকোনো প্রয়োজনে তথ্য লাগলে আমি তাদের দেব। আজকেও এ বিষয়ে অল্প কিছু কথাবার্তা হয়েছে।

জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে হিরো আলম বলেন, ডিবিতে আমাকে ডাকা হয়নি, আমি নিজেই এসেছি। আপনারা দেখছেন, চলচ্চিত্রের কিছু লোকজন আমাকে নিয়ে অকথ্য ভাষায় নানা ধরনের কথা বলছেন। আগে আমাকে কেউ বকা দিলেও প্রতিবাদ করতাম না। কিন্তু চলচ্চিত্রের কিছু পরিচালক, প্রযোজক ও অভিনেতা-অভিনেত্রী আমার বিরুদ্ধে নানা ধরনের কথা ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ নিয়ে এসেছি।

অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমি কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছি। এতে যারা আমাকে নিয়ে নানা ধরনের কথা বলেছেন, তাদের নাম আছে। এছাড়া আমার কনটেন্ট নিয়ে যারা রিপোর্ট করেছেন, তাদের নামও আছে।’

সবশেষে ডিবিপ্রধানের প্রশংসা করে হিরো আলম বলেন, হারুন স্যার অনেক ভালো মানুষ। আমার অভিযোগ তিনি শুনেছেন। তিনি আমাকে সমস্যা সামাধানের আশ্বাস দিয়েছেন। এছাড়া আগামী নির্বাচনে তিনি আমাকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত