জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ ৮ জন আটক

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ০২:৫৮ এএম

রাজধানীর ভাটারা এলাকা থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাসহ আটজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল শুক্রবার ভাটারা থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে জামায়াত দাবি করেছে, তাদের ১৪ জনকে তুলে নেওয়া হয়েছে।

গতকাল রাতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকার সাংবাদিকদের দেওয়া এক বার্তায় এ দাবি করেছেন।

ভাটারা থানার ওসি এ বি এম আসাদুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘জামায়াত নেতাদের তুলে নেওয়ার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি।’

এ বিষয়ে জানতে ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে অভিযান সংশ্লিষ্ট ডিবির এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ আটজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকজন পালিয়ে গেছেন। আটককৃতদের মধ্যে কয়েকজনকে আগে থেকেই খোঁজা হচ্ছিল। 

প্রচার সম্পাদক মু. আতাউর রহমানের পক্ষ থেকে গতকাল রাতে সাংবাদিকদের দেওয়া বার্তায় বলা হয়েছে, রাজধানীর ভাটারা থানা এলাকার একটি আবাসিক এলাকার বাসায় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিল থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ১৪ জনকে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় তুলে নিয়ে গেছেন আইনশৃঙ্খলা বাহিনী ডিবি পুলিশের পরিচয়দানকারী সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত