কলিন্দ্রেসের হ্যাটট্রিকে আবাহনীর বড় জয়

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১২:১৩ এএম

তীব্র গরমে খেলায় ছিল না স্বাভাবিক ছন্দ। তবুও দানিয়েল কলিন্দ্রেস করেন হ্যাটট্রিক। তাতে ঢাকা আবাহনী লিমিটেড তুলে নেয় জয়।

কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমগঞ্জের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে আবাহনী। দলের পক্ষে অন্য গোলটি করেন নাবীব নেওয়াজ জীবন।

গরমের কারণে ধারাল ফুটবল খেলতে পারছিল না আবাহনীও। তবে সপ্তদশ মিনিটে প্রথম ভালো আক্রমণ থেকেই এগিয়ে গেল দলটি। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা কলিনদ্রেস ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়েও নেন কোস্টা রিকার এই ফরোয়ার্ড।

৫৮ মিনিটে দুই ফরোয়ার্ডের দারুণ বোঝাপড়ায় হয় ব্যবধান দ্বিগুণ। তেমন একটা চ্যালেঞ্জের মুখে না পড়া কলিনদ্রেস বাঁ দিক থেকে বক্সে বাড়ান আড়াআড়ি ক্রস, নিখুঁত টোকায় বাকি কাজ সারেন নাবিব নেওয়াজ জীবন। চলতি লিগে এটি তার চতুর্থ গোল।

৭৯ মিনিটে রাফায়েল আগুস্তোর থ্রু পাস ধরে নিচু শট নেন কলিনদ্রেস। বল রহমতগঞ্জের গোলরক্ষক মিতুল হোসেনের পাশ দিয়ে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মাসুদ রানা মৃধার আড়াআড়ি ক্রস বক্সে আনমার্কড থাকা কলিনদ্রেস অনায়াসে জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত