এসএমই প্ল্যাটফর্মে ব্লক মার্কেটে লেনদেন চালু করতে যাচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী ২১ মে থেকে এসএমই প্ল্যাটফর্মে বিনিয়োগকারীরা ব্লকে লেনদেন করতে পারবেন। গতকাল ডিএসইর এসএমই মার্কেটের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ওয়েবসাইটে উল্লেখ করা হয়, এসএমই প্ল্যাটফর্মে ব্লক মার্কেট লেনদেন সহজ করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই। আগামী ২১ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। এর ফলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পর ডিএসই তাদের এসএমই প্ল্যাটফর্মে ব্লক মার্কেটে লেনদেনের সুবিধা যুক্ত করল।
এসইসির নির্দেশনা অনুযায়ী পুঁজিবাজারের সেকেন্ডারি ব্লক মার্কেটে লেনদেনের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ লাখ টাকার বেশি যেকোনো শেয়ার কেনাবেচা করতে হয়। ডিএসইর এসএমই মার্কেটেও সেই নিয়ম বলবৎ থাকবে। এ ছাড়াও এসএমই মার্কেটের কোম্পানিগুলোর শেয়ারের দাম ওঠা-নামা করার সীমা বা সার্কিট ব্রেকার হবে ১০ শতাংশ।
বড় অংকের শেয়ার কেনাবেচাকে ব্লক ট্রেড বলা হয়। ব্লক ট্রেডে সাধারণত দুটি পার্টির মধ্যে নির্ধারিত দামে বড় অঙ্কের শেয়ার লেনদেন হয়ে থাকে।
